পাকিস্তানে জঙ্গিদের পক্ষে কাজ করার অভিযোগে ১১ শিশু গ্রেফতার

জঙ্গি সংগঠনের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জন শিশুকে আটক করেছে পুলিশ। গত বুধবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের পুলিশ তাদেরকে আটক করার দাবি জানিয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত বেলুচ অর্গানাইজেশনের জঙ্গিদের হয়ে এসব শিশু প্রদেশটির রাজধানী কোয়েটার বিভিন্ন স্থানে বোমা হামলা চালানো বা বোমা পেতে রাখার কাজগুলো করতো বলে অভিযোগ রয়েছে। —খবর ডন অনলাইনের গ্রেপ্তারকৃত শিশুরা হলেন- মুনির আহমেদ, মুহাম্মদ আজিম, মুহাম্মদ শুয়াইব, আমির খান, জাভেদ আহমেদ, মুহাম্মদ সাবির,ফয়সাল, নিয়াজ মুহাম্মদ, বারয়ালি, বাবর আলী এবং আব্দুল শাকুর। কোয়েটা পুলিশের প্রধান ক্যাপ্টেইন অবসরপ্রাপ্ত মীর জুবাইর মেহমুদ এক সাংবাদিক সম্মেলনে বলেন, কাল্লি খিলি আঙ্গুরিবাগ এলাকায় অতর্কিত অভিযান চালানো হয়। এসময় জঙ্গি সংগঠন ইউনাইটেড বেলুচ আর্মির সাথে পুলিশের সংঘর্ষ হয়। জঙ্গি সংগঠনটির নেতা আব্দুল নবী বাঙ্গুলাই। দু’পক্ষের মধ্যে গুলি চলাকালে অন্যান্য জঙ্গির সাথে সংগঠনটির নেতাও পালিয়ে যায়। এসময় ১১ শিশুকে আটক করে হাজতে পাঠানো হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ প্রধান জানিয়েছেন। গ্রেপ্তারকৃত এসব শিশুকে সাংবাদিক সম্মেলনে হাজির করা হয়। জঙ্গি সংগঠনটির কিশোররা সবাই খুবই দরিদ্র পরিবার থেকে এসেছে এবং তাদেরকে এই পৈশাচিক কাজগুলো করানো হতো মাত্র দুই থেকে পাঁচ হাজার টাকার বিনিময়ে। পুলিশ প্রধান জুবাইর আরো বলেন, এটা খুব উদ্বেগের বিষয যে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠনগুলো তাদের সহিংস তত্পরতা চালাতে শিশুদের ব্যবহার করছে। রাজধানী কোয়েটা এবং তার উপকণ্ঠে অন্ততপক্ষে আটটি বোমা বিস্ফোরণ ও গ্রেনেড হামলার ঘটনার সাথে ঐ শিশুরা জড়িত ছিলো বলে তারা স্বীকার করেছে। এর আগে গত ১০ জানুয়ারি বাচা খান চক এলাকায় বোমা হামলার ঘটনার সাথেও তারা জড়িত ছিলো। এ ঘটনায় দুই সৈন্যসহ ১০ বেসামরিক নিহত হয় এবং আহত হয়েছে আরো ৬৭ জন।