ভারতের সিরিজ জয়
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৪
শেখর ধাওয়ানের এবং মুরালি বিজয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পরে স্পিনারদের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়াকে হারাতে খুব একটা সমস্যা হল না ভারতের। মোহালিতে গতকাল সোমবার তৃতীয় টেস্টের শেষ দিনে অজিদের ছয় উইকেটে হারিয়ে সিরিজে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো মহেন্দ্র সিং ধোনির দল। সিরিজের চতুর্থ এবং শেষ টেস্ট আগামী ২২ মার্চ দিল্লিতে শুরু হবে।
আগের দিনের তিন উইকেটে ৭৫ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কাটা দেন প্রজ্ঞান ওঝা। নাথান লায়নকে তিনি তুলে নেয়ার কিছুক্ষণ পরেই রবীন্দ্র জাদেজা তুলে নেন অজিদের সেরা ব্যাটসম্যান মাইকেল ক্লার্ককে। ক্লার্কের পরপরই ইনিংস সর্বোচ্চ ৬৯ রান করা ফিলিপ হিউজও ফিরে যান আশ্বিনের বলে। এই জোড়া ্ ধাক্কা আর শেষ পর্যন্ত সামলে উঠতে পারেনি সফরকারিরা। আট উইকেটে ১৭০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত অল আউট হয় ২২৩ রানে। আর শেষ দিনে তাদের সাতটি উইকেটই নিজেদের মাঝে ভাগ করে নেন তিন ভারতীয় স্পিনার। ১৩৩ রানের লক্ষ্য নিয়ে চা বিরতির আগেই ব্যাটিংয়ে নামা ভারত উদ্বোধনী জুটিতেই তুলে নেয় ৪২ রান। এরপরে আরো তিনটি উইকেটের পতন হলেও ধোনি এবং জাদেজার দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় তারা।
এর আগে বৃষ্টিতে প্রথম দিনে একটি বলও মাঠে না গড়ানোর পরে দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক এবং স্টিফেন স্মিথের ক্যারিয়ার সেরা ইনিংসে ৪০৮ রান করার পরে মনে হচ্ছিল নিশ্চিত ড্রর দিকেই এগোচ্ছে টেস্ট। তবে সব হিসেব-নিকেশ পাল্টে দেন শেখর ধাওয়ান। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তার ১৭৪ বলে করা ১৮৭ রানে ভর করেই ভারত প্রথম ইনিংসে ৯১ রানে লিড নেয়। প্রত্যাশিতভাবেই ম্যাচ সেরার পুরস্কার পাওয়ার পরে অভিষিক্ত এই ব্যাটসম্যান বলেন,‘স্বপ্ন সত্যি হবার মতোই একটি ব্যাপার এটা। উইকেটে আসার পরে প্রথম কয়েকটা বলে আমি নার্ভাস ছিলাম। তবে ছন্দ ফিরে পাবার পরে আর কোন সমস্যা হয়নি। এমন একটি মুহূর্তে আমি ঈশ্বর এবং আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই।’ মাত্র চার দিনেই টেস্ট হারার পরেও অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক প্রশংসাই করলেন সতীর্থদের লড়াকু মানসিকতার। পাশাপাশি ম্যাচ জয়ের জন্য কৃতিত্বও দিলেন ভারতীয়দের। ক্লার্ক বলেন,‘আমার মনে হয় আজ আমরা আমাদের লড়াকু চরিত্র দেখাতে পেরেছি। তবে ভারতীয়দের কৃতিত্ব দিতেই হবে।’
আর বিজয়ী অধিনায়ক ধোনি জয়ের কারণ হিসেবে বললেন পরিস্থিতির সদ্ব্যবহার করতে পারাকে। তিনি বলেন, ‘আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পেরেছি। স্পিনিং উইকেটেও ফাস্ট বোলাররা দারুণ বোলিং করেছে। আর ধাওয়ান এবং বিজয়ের ব্যাটিং প্রদর্শনীটা ছিল সত্যিই অসাধারণ।’