‘আমরা এখন ব্যাকফুটে’
প্রকাশ : ১৮ মার্চ ২০১৩, ২০:৫৫
সাধারণত টেস্ট চলা অবস্থায় চরম খারাপ পরিস্থিতিতেও কেউ স্বীকার করতে চায় না, তার দল বিপাকে আছে। তামিম ইকবাল সেই ‘সাধারণ’-এর দলে পড়েন না। দিনশেষের সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ওপেনার স্বীকার করে নিলেন, তারা ‘ব্যাকফুটে’ আছেন। তবে সেটা নিজের আউটের কারণে যতো নয়; তার চেয়ে বেশি জহুরুল ইসলাম ও মাহমুদউল্লাহর আউটের কারণে বলে মনে করছেন ফিফটি করা এই ব্যাটসম্যান।
এই টেস্টেই ফেরা তামিম ইকবাল ৫৯ রান করে আউট হয়েছেন। পরপরই ফিরে গেছেন আশরাফুলও। তারপরও একটা ভালো অবস্থায়ই দিনশেষে দল থাকতে পারত বলে মনে করছেন এই বাহাতি ওপেনার, ‘আমরা এখন ব্যাকফুটে আছি। অমি ভাই (জহুরুল) ও মোমিনুল যখন ব্যাট করছিল, তখন বেশ ভালো অবস্থা ছিল। আমাদের হাতে তখন ৮ উইকেট, পরদিন পুরোটা ব্যাট করতে পারবো। কিন্তু দিনের শেষে আরও দুটো উইকেট পরিস্থিতি বদলে দিয়েছে।’
তবে সতীর্থদের কাউকেই দায় দিচ্ছেন না তামিম। বলছেন, আউট নিয়ে প্রশ্ন করা যেতে পারে। তবে সেটা করার কোনো দরকার মনে করছেন না, ‘দু একটা আউট নিয়ে প্রশ্ন করা যেতে পারে। তবে একেক জনের নার্ভ একেকভাবে পরিস্থিতিতে সাড়া দেয়। তাই এই প্রশ্ন করে লাভ নেই। আমি নিজে যেমন আমার আউট নিয়ে খুব অসন্তুষ্ট না। আমি পজেটিভই খেলছিলাম, তাই খেলতে চেয়েছি।’
আর শেষ পর্যন্ত খুব হতাশও নন তামিম। বলছেন, এখনও তাদের সামনে ভালোই সুযোগ আছে। বাংলাদেশের শুরু থেকেই নাকি ২৫০ রানের লিড ছিল টার্গেট। ইতিমধ্যে ৫২ রানের লিড পেয়ে যাওয়ার পর তামিম মনে করছেন, এখনও লক্ষ্যে পৌঁছানো সম্ভব, ‘ক্যাপ্টেন নিজে উইকেটে আছে, সে রানেও আছে। মোমিনুল দারুণ ফর্মে আছে। এরপর নাসিরও ফর্মে আছে। ফলে আমরা এখনও ভালো একটা স্কোর আশা করতেই পারি।’