বরোদায় মেয়েদের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ

বরোদায় প্রথম টি-টোয়েন্টি দিয়ে ভারত সফর শুরু করবে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ভারত সফরকে সামনে রেখে ইতোমধ্যে গতকাল সোমবার থেকে মিরপুর ক্রীড়াপল্লীতে প্রাথমিক ক্যাম্প শুরু হয়েছে মহিলা দলের। ২৫ জনের প্রাথমিক ক্যাম্প থেকে আগামী সপ্তাহে ১৫ জনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলতে বাংলাদেশ মহিলা দল আগামী ৩১ মার্চ ভারতের মুম্বাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে। মুম্বাই হয়ে মহিলা দল বরোদায় পৌঁছাবে। সফরসূচি চূড়ান্ত না হলেও জানা গেছে, ২ এপ্রিল বরোদায় প্রথম তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২, ৪ ও ৫ এপ্রিল। তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে আহমেদাবাদে যথাক্রমে ৮, ১০ ও ১২ এপ্রিল। ১৩ এপ্রিল তাদের ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে । ছেলেদের ভারত সফরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের পর বছর চেষ্টা করলেও মেয়েদের সফরটা আগে হয়ে যাচ্ছে। তবে বিসিবি আশাবাদী, মেয়েদের ভারত সফরের মধ্য দিয়ে এ বছর ছেলেরাও ভারত সফরের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া যাবে।