হকি খেলোয়াড়দের অর্থ দিল ক্রীড়া মন্ত্রণালয়

ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডে যেতে না পারলেও কয়েকটা জয় নিয়ে হকি বিশ্বকে চমকে দিয়েই ফিরেছে বাংলাদেশ দল। কিন্তু ক্রীড়া মন্ত্রণালয় একটা ধন্যবাদ দেবার প্রয়োজনও মনে করেনি। শেষ পর্যন্ত দাবি-দাওয়া করে হলেও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছ থেকে কিছু টাকা পেল হকি খেলোয়াড়রা। হকি ফেডারেশন আবেদন করেছিল খেলোয়াড়দের ছয় লাখ টাকা দেয়ার জন্য। কিন্তু ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার পাঁচ লাখ টাকা দিয়েছেন বলে কাল জানা গেল। তাতেও অবশ্য খুশি হকি ফেডারেশন। অনেক চেষ্টার পর খেলোয়াড়দের জন্য অর্থ পাওয়া গেছে এবং হকির প্রতি নজর এসেছে। ক্রীড়া মন্ত্রণালয় কথায় কথায় ক্রিকেটের জন্য বোনাস ঘোষণা করে। কিন্তু বোনাস দেয়ার প্রয়োজন করে না অন্যান্য খেলায়। এই নিয়ে সমালোচনা শুনতে হয়েছে মন্ত্রণালয়কে। হকির জন্য অর্থ পাওয়ায় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন অবশেষে ঘুম ভেঙ্গেছে ক্রীড়া মন্ত্রণালয়ের।