ফ্রেড চান ব্রাজিলেই থাকুন নেইমার

ফ্লুমিনেনসের স্ট্রাইকার ফ্রেড বিশ্বাস করেন চারদিকে অনেক গুঞ্জন থাকলেও তার স্বদেশী নেইমারের উচিত ব্রাজিলেই থাকা। বর্তমানে ২১ বছর বয়সী নেইমারের প্রতিভায় মুগ্ধ ফুটবল বিশ্ব। সংবাদ মাধ্যমে এসেছে তরুণ এই ফুটবলারের ব্যাপারে আগ্রহী ইউরোপের বড় দল বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। বিশেষ করে স্পানিশ জায়ান্টরা। ফ্রেড মনে করেন নেইমারের উচিত ইউরোপে খেলার ইচ্ছে ত্যাগ করা। এর পরিবর্তে তিনি যেন ব্রাজিলেই থাকেন এবং ঘরোয়া ফুটবলের মান উন্নত করায় মনোযোগী হন। জেনেভায় এক সংবাদ সম্মেলনে রিপোর্টারদের ফ্রেড বলেন, ‘তার মতো খেলোয়াড়কে পাওয়ার কারণে আমরা যারা ব্রাজিলিয়ান তাদের উচিত ঈশ্বরকে ধন্যবাদ দেয়া। সে যেন এখানে থাকে সে জন্য আমাদের উচ্চস্বর হওয়া দরকার। যদিও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত নেবে।’ তিনি আরো বলেন, ‘ব্রাজিলিয় ফুটবল খুবই উঁচু মানের। আমাদের তারকারা যদি দেশেই থাকেন সেটা ২০১৪ বিশ্বকাপে দেশকে জয়ী হতে সাহায্য করবে।’ আগামীকাল বৃহস্পতিবার জেনেভায় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইতালির মুখোমুখি হবে ব্রাজিল। আশা করা হচ্ছে ফ্রেড আক্রমণভাগে নেইমারের সাথী হবেন। ২৫ মার্চ আরেক প্রীতি ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে পাঁচরের বিশ্ব চ্যাম্পিয়নরা।