কমলাপুরের প্রেসবক্সের যেনতেন অবস্থা
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:৫১
দুই দিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা হওয়ার পর স্বাধীনতা কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব এখন কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আয়োজন দেখে মনে হচ্ছে নামকাওয়াস্তে খেলাটা মাঠে গড়ানো হয়েছে। কমলাপুরের মাঠ খেলার অনুপযোগী। উঁচু-নিচু। বল বেশি লাফাচ্ছে। মাঠের চেহারাটা দেখে মনে হলে দীর্ঘদিনের যত্নের অভাব। ২৮ লাখ টাকার টুর্নামেন্ট। অথচ আয়োজনটা যেনতেনভাবে হচ্ছে। লিগ কমিটির কর্মকর্তারা লিগের উদ্বোধন করে দিয়েই দায়িত্ব শেষ করেছেন বলে মাঠেও আসার প্রয়োজন মনে করছেন না। সমস্যা জানার প্রয়োজন মনে করছেন না। প্রেসবক্সটি ধুলা ময়লায় সয়লাব। ডেকোরেটর থেকে আনা চেয়ারগুলোয় ধুলার আস্তর পড়ে গেছে। সাংবাদিকদের জন্য টেবিলে বিছানো থাকায় কালো রংয়ের চাদরটা যে একসময় সাদা ছিল তা অনুমান করে নিতে হবে। প্রেসবক্সে বিয়ে বাড়ির টেবিল বসানোর কারণে সেখান থেকে পুরো মাঠ দেখা যায় না। এইসব কাউকে বলেও কোনো প্রতিকার নেই। কারণ বাফুফের কর্মকর্তারা তো খেলা দেখতে আসেন না।