বাফুফের সদস্য বাবুর পিতার ইন্তেকাল
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:৫২
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য (বাফুফে) এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর পিতা ওয়ালীউল ইসলাম (৭৫) গতকাল বিকাল চারটায় বাড্ডার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
মরহুম ওয়ালীউল ইসলাম কয়েক মাস ধরে অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিলেন। দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পর কিডনী সমস্যা ধরা পড়ে। সাথে ছিল বার্ধক্যজনিত সমস্যা। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনার পর কাল নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ এশা মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। আজ সকালে বনানী গোরস্তানে মরহুমের দাফন সম্পন্ন হবে।
ওয়ালীউল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মোহামেডান। ক্লাবটি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। বাবুর পিতার মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে।