ফ্রেঞ্চ ওপেনে দৃষ্টি নাদালের
প্রকাশ : ১৯ মার্চ ২০১৩, ২০:৫৩
তাকে বলাই হয় ‘ক্লে কোর্টে’র সম্রাট। সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টটি ক্লে কোর্টে ছিল না। তবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে সেই ক্লে কোর্টেই ফিরছেন রাফায়েল নাদাল। নিজের পছন্দের এই টুর্নামেন্টে শিরোপা জয়ের ভেতর দিয়েই প্রত্যাবর্তনটা করতে চান সাবেক এক নম্বর তারকা। ইন্ডিয়ান ওয়েলসের শিরোপা জয়ের পরে এমনটাই জানালেন তিনি।
গত বছরের জুলাইয়ে হাঁটুর ইনজুরিতে পড়েন নাদাল। এরপর সাত মাস কোর্টে নামতে পারেননি তিনি। তবে ইনজুরি থেকে সুস্থ হয়ে গত ফেব্রুয়ারি থেকে আবারো কোর্ট মাতাতে শুরু করেন নাদাল। সুস্থ হয়ে ফেরার পর এখন পর্যন্ত ফেলেছেন পাঁচটি টুর্নামেন্ট। এরমধ্যে প্রথমটি বাদে চারটি টুর্নামেন্টের শিরোপাই ঘরে তুলেছেন তিনি। পাঁচটি টুর্নামেন্টের মধ্যে ব্যতিক্রম ছিল ইন্ডিয়ান ওয়েলসের বিএনপি পারিবাস ওপেন। কারণ এটি অনুষ্ঠিত হয়েছে হার্ড কোর্টে। যদিও হার্ড কোর্টে নামার পরে তার খেলা মনেই হয়নি বহুদিন বাদে এই কোর্টে ফিরেছেন তিনি। টুর্নামেন্টের শুরু থেকেই খেলেছেন দাপটের সঙ্গে। কোয়ার্টার ফাইনালে রজার ফেদেরারকে হারানোর পরে ফাইনালে তিনি হারান দেল পোত্রোকে। একই টুর্নামেন্টে দুজন শীর্ষ বাছাইকে হারানোকেই নিজের বড় প্রাপ্তি বলে মানছেন এই স্প্যানিয়ার্ড।
তবে এই সাফল্যের মাঝেও নাদালের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে হাঁটুর পুরনো চোট। কারণ আগের ইনজুরির সমস্যাটি আবারো জেগে উঠেছে। ফলে মঙ্গলবার থেকে শুরু হওয়া মিয়ামি টেনিস টুর্নামেন্টে খেলা হচ্ছে না তার। নিজের ইনজুরি নিয়ে চিন্তিত নাদাল নিজেও, ‘আসলেই ইনজুরিটি বেশ সমস্যা করছে। ইনজুরি থেকে ফিরেই খেলাটা খুব কঠিন। তারপরও অনেকগুলো টুর্নামেন্ট খেলতে সক্ষম হয়েছি।’ আগামী মে মাসের শেষ দিকে শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেন্স ওপেন। আর ক্লে কোর্টের এই টুর্নামেন্টকে সামনে রেখেই নিজের ভবিষ্যত্ কর্ম পরিকল্পনা সাজাতে চান ‘রাফা’। রোলা গারোতে যাওয়ার প্রস্তুতি হিসেবে আগামী মাসে খেলবেন মন্ট্রে কার্লো ওপেনে। এরপর আরও তিনটি টুর্নামেন্টে খেলে ফ্রেঞ্চ ওপেনে নামবেন নাদাল। তাই ব্যস্ত সূচিকে সামনে রেখেই নিজেকে সেভাবে তৈরি করতে চাইছেন তিনি। ক্লে কোর্টে ভালো করার প্রতিশ্রুতি জানিয়ে ১১টি গ্র্যান্ড স্ল¬্যামের মালিক বলেন, ‘ক্লে কোর্টে আমি বরাবরই ভালো খেলি। কিন্তু ক্লে কোর্টে খেলাটা বেশ কঠিন। তারপরও ক্লে কোর্টে খেলতে আমি খুব পছন্দ করি। প্রত্যেক বছরই কন্ডিশন ভিন্ন থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না। তবে এবারও আসন্ন টুর্নামেন্টগুলোতে ভালো করার ব্যাপারে আমি বেশ আশাবাদী।’