চ্যা ম্পি য় ন্স লি গ
আশাবাদি মরিনহো
প্রকাশ : ২০ মার্চ ২০১৩, ২১:৫৩
রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো মনে করেন চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তুরস্কের দল গালাতাসারের সাথে লড়াইয়ে এগিয়ে থাকতে হলে নিজেদের মাঠে জয় তুলে নেয়াটা গুরুত্বপূর্ণ। কারণ নিজেদের মাঠে জয় না পেলে ফিরতি লেগে তুরস্কে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে বলে মনে করেন তিনি।
মরিনহো গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান, রিয়াল মাদ্রিদ অবশ্যই এগিয়ে থেকে ইস্তাম্বুলে ফিরতি লেগে খেলতে যাবে। পর্তুগিজ এই কোচ এর আগে পোর্তো ও ইন্টারমিলানকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে সহায়তা করেন। তিনি মনে করেন রিয়ালকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। কারণ প্রতিপক্ষ দলটি দুই তারকা খেলোয়াড় ওয়েসলি স্নেইডার ও দিদিয়ের দ্রগবার মতো বেশ মানসম্পন্ন খেলোয়াড়ের সমন্বয়ে গড়া। উভয় খেলোয়াড়ই ভিন্ন ভিন্ন দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয় করেছেন। তাছাড়া তুরস্কের সেরা কোচ ফাতিহ তারিম আছেন এই ক্লাবটির দায়িত্বে। সব মিলিয়ে মরিনহো বলেন, ‘এটা কঠিন হতে পারে। কিন্তু অবশ্যই আমরা নিজেদের মাঠে প্রথম লেগে চেষ্টা করব ইতিবাচক ফলাফলের জন্য। আমরা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে এই ফল আনতে পারিনি (মাদ্রিদে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল ও ইউনাইটেডের ফল ছিল ১-১)। আমাদের কমপক্ষে সামান্য ব্যবধানে হলেও এগিয়ে থেকে সেখানে (ইস্তাম্বুল) যেতে হবে। ’
রিয়াল মাদ্রিদ ও গালাতাসারের প্রথম লেগের লড়াই স্যান্তিয়াগো বার্নাব্যুতে ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ফিরতি লেগের খেলাটি হবে ১১ এপ্রিল ইস্তাম্বুলে। গত রবিবার তুর্কি সুপার লিগে গালাতাসারের খেলাটি দেখেছেন মরিনহো। তিনি বেশ মুগ্ধ। মরিনহো বলেন, ‘আমি যা আশা করেছিলাম সবকিছুই দেখেছি। একটি দল যখন চ্যাম্পিয়ন্স লিগে খেলে এবং শুধু তাই নয় সেই দলে রয়েছে এই টুর্নামেন্ট জয় করা দুইজন খেলোয়াড় দ্রগবা ও স্নেইডার। কিন্তু আরো যারা রয়েছেন তারাও শীর্ষ ক্লাবে খেলে এসেছেন। ইমানুয়েল ইবুউ ছিলেন আর্সেনালে, ফেলিপে মেলো জুভেন্টাস থেকে এসেছেন। এছাড়া আলবার্ট রিয়েরা লিভারপুল এবং ফার্নান্দো মুসলেরা এসেছেন ল্যািসও থেকে। ’ তুরস্কের দলটির কোচেরও প্রশংসা করেন মরিনহো। তিনি বলেন, ‘এছাড়া দলটির রয়েছে একজন অসাধারণ কোচ। তুরস্কের সেরা তিনি। ইটালিতে (এসি মিলান) একবার কোচ ছিলেন তিনি।’