ফিফা বিশ্বকাপ ২০১৪ বাছাই
শীর্ষস্থান সুসংহত করাই লক্ষ্য আর্জেন্টিনার
প্রকাশ : ২১ মার্চ ২০১৩, ২১:৩৪
আর্জেন্টিনা আজ শুক্রবার (বাংলাদেশে শনিবার সকাল ৬টা) বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে যখন ভেনেজুয়েলার মুখোমুখি হবে সেসময় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের লক্ষ্য থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চাইতে ব্যবধান আরো বাড়ানো। দিনের অপর খেলায় কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ে মুখোমুখি হবে রার্নাসআপ প্যারাগুয়ের।
আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে ফুটবলের সবচাইতে বড় এ আসরটি। লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। কোচ আলেসান্দ্রো সাবেলার লক্ষ্য থাকবে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠেয় খেলাটিতে অতিথিদের বিরুদ্ধে জিতে বর্তমানের তিন পয়েন্টের ব্যবধানটি আরো বাড়িয়ে নেয়া।
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো চোট থেকে সেরে না ওঠায় আন্তর্জাতিক দলের হয়ে খেলতে পারছেন না। হাঁটুতে ইনজুরি রয়েছে তার। আর্জেন্টিনার দুটি বাছাই ম্যাচেই তার নাম ছিল। আর্জেন্টিনার পরবর্তী বাছাই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬ মার্চ বলিভিয়ার মাঠে।
এদিকে কলম্বিয়ার পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে উঠে আসার ভাল সুযোগ রয়েছে। আজ তাদের প্রতিপক্ষ বলিভিয়া। আরেক খেলায় প্রতিদ্বন্দিতা করবে পেরু-চিলি।
ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের আয়োজক। তাই তাদের বাছাই খেলতে হচ্ছে না। এই অঞ্চলে নয়টি দল লড়ছে চূড়ান্ত পর্বে ওঠার জন্য। পয়েন্ট টেবিলের সেরা চার দল সরাসরি বিশ্বকাপে খেলবে। পঞ্চমস্থানে থাকা দলটিরও একটি সুযোগ থাকবে। তবে তাদের প্লে অফ খেলতে হবে এশিয়ায় তাদের মতো অবস্থায় পড়া একটি দেশের সাথে।
আর্জেন্টিনা নয় খেলার ছয়টিতে জয় তুলে নেয় এবং দুটিতে তারা ড্র করে। অপর খেলাটিতে হারের কবলে পড়তে হয়েছিল তাদের। সব মিলিয়ে আর্জেন্টিনার অর্জন ২০ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৭ পয়েন্ট পাওয়া ইকুয়েডর আছে দ্বিতীয়স্থানে। এক ম্যাচ কম খেলে তৃতীয় স্থানে থাকা কলম্বিয়ার অর্জন ১৬ পয়েন্ট। এছাড়া ভেনেজুয়েলা ও উরুগুয়ে নয় ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চমস্থানে রয়েছে।
হোসে পেকারম্যানের অধীনে খেলা কলম্বিয়া নিজেদের মাঠে এক বছরের বেশি সময় ধরে অপরাজেয়। ড্র হলেই কলম্বিয়া দ্বিতীয়স্থানে উঠে যাবে। কলম্বিয়ানরা একটি ম্যাচ কম খেলেছে । ইকুয়েডর আগামী সপ্তাহে মাঠে নামবে। পেকারম্যান বাহিনী বলিভিয়াকে হারালে দ্বিতীয়স্থানে থাকা দলটি থেকে দুই পয়েন্টে এগিয়ে থাকবে।
বলিভিয়া ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাইরের মাটিতে সর্বশেষ কোন আন্তর্জাতিক ম্যাচ জিতেছিল। এ কারণে তাদের জন্য আজকের ম্যাচটি চ্যালেঞ্জের।
দক্ষিণ আমেরিকা অঞ্চল
কলম্বিয়া-বলিভিয়া
উরুগুয়ে-প্যারাগুয়ে
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা
পেরু-চিলি