ইতিবাচক পন্টিং

ভারত সফরে বেশ দুর্দশার মুখোমুখি হতে হয়েছে সফরকারী অস্ট্রেলিয়া দলের। তবে দলটির সাবেক অধিনায়ক রিকি পন্টিং একে ইতিবাচকভাবেই দেখছেন। তার মতে এই সিরিজ থেকে শিক্ষা নেবে দলের তরুণ খেলোয়াড়রা। আর এভাবে ভবিষ্যতে ভুল করা থেকে নিজেদের বিরত রাখবেন তারা। চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া ৪-০ ম্যাচে হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে, এমন অবস্থায় পন্টিং বলেন, তাদের জন্য সব সময়ই ভারত সফর অত্যন্ত কঠিন। পন্টিং বলেন, ‘আমার প্রথম চার সফরের মধ্যে প্রথম তিন সফরেই আমি তেমন কোন রান করতে পারিনি। আমার জীবনে প্রথম কয়েক সফরেই আমি রান খরায় ছিলাম। এ সময় কেবল আমি সেখানে স্পিনের বিরুদ্ধে ও কন্ডিশন অনুযায়ী খেলতে শেখা শুরু করেছিলাম।’ নিজ দেশের সবচেয়ে সফল অধিনায়কদের একজন পন্টিং ‘দ্য অস্ট্রেলিয়ান’ পত্রিকাকে বলেন, ‘এখন দলের হয়ে যে সকল ছেলেরা ভারত সফর করছে, পরবর্তীতে তারা ভাল করবে এবং এমন ধরনের সকল কন্ডিশনেই তারা ভাল করবে। তাদের ওপর আমাদের ভরসা রাখতে হবে।’