বালোতেল্লির নৈপুন্যে ব্রাজিলকে রুখলো ইতালি

খ্যাপাটে খেলোয়াড় হিসেবে আগে থেকেই ফুটবল বিশ্বে পরিচিত তিনি। এই তো ক’দিন আগেই ম্যানচেস্টার সিটির কোচ রবার্তো মানচিনির সাথে ঝামেলায় জড়িয়ে ক্লাব ছাড়লেন। এরপরেই ফিরলেন পুরনো ঠিকানায়। আর ইতালিতে আসার পর থেকেই পারফরম্যান্সেও বেশ দাপট দেখাচ্ছেন মারিও বালোতেল্লি। জাতীয় দলের হয়েও সমান উজ্জ্বল তিনি। বৃহস্পতিবার রাতে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিলের বিপক্ষে তার গোলেই পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়লো ইতালি। তিন মিনিটে দু’গোল দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে মাঠ ছাড়লো ইতালি। জয় বা হার নয়, অমীমাংসিতভাবেই শেষ হল ব্রাজিল ও ইতালির মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচটি। গতরাতে জেনেভায় অনুষ্ঠিত ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। ব্রাজিল পাঁচবার; আর চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। তাই লড়াইটা আগুন ঝরানোই হবে -এটাই স্বাভাবিক। হোক না প্রীতি ম্যাচ তাতে কি! তাই ম্যাচ শুরুর আগে থেকেই চরম উত্তেজনায় ডুব দিয়েছিল দু’দলের খেলোয়াড়, ফুটবল ভক্তরা। সেই উত্তেজনা নিয়েই মাঠে যেমনি নেমেছিল খেলোয়াড়রা, ঠিক তেমনি প্রিয় খেলোয়াড়দের ফুটবল শৈলী দেখার জন্য গভীর রাতে টিভি সেটের সামনে বসেছিল ভক্তরা। ম্যাচের শুরু থেকেই মাঠে উত্তেজনা ছড়িয়েছে ব্রাজিল ও ইতালি। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে শুরু হয় ম্যাচটি। বল আয়ত্ত্বে নেবার পাশাপাশি মধ্যমাঠের দখল নিতেই সবচেয়ে বেশি মনোযোগী হয় দু’দল। কিন্তু এই লড়াইয়ে জয়ী হতে পারছিল না কোন দলই। তবে গোলের আনন্দে প্রথম হাসে ব্রাজিলই। ৩৩ মিনিটে মধ্যমাঠ থেকে বল পেয়ে প্রতিপক্ষের বিপদসীমানায় ঢুকে পড়েন ফরোয়ার্ড ফ্রেড। গোল করার সুযোগটাকে বেশ ভালোভাবেই কাজে লাগান তিনি। গোলবারের ছয় গজ দূর থেকে ডান পায়ের তীব্র শটে ইতালির গোলরক্ষককে পরাস্ত করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফ্রেড। এই গোলের পর যেন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠে ব্রাজিল। আক্রমণের ধার বাড়িয়ে দিয়ে ইতালিকে কোণঠাসা করে ফেলে নেইমার-অস্কার-আলভেসরা। ফলে ৪২ মিনিটে প্রতিপক্ষের রক্ষণদুর্গে ফাটল ধরিয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করে পেলের ব্রাজিল। নেইমারের সহায়তা নিয়ে গোল করার তালিকায় নিজের নাম লেখান মিডফিল্ডার অস্কার। ফলে ২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের বিরতিতে যায় ব্রাজিল। ম্যাচের লাগাম সম্পূর্ণ নিজের দখলে নিয়ে জয়ের স্বপ্ন দেখতে থাকে ব্রাজিল। কিন্তু ম্যাচে ফিরে আসার জন্য তেতে উঠে ইতালি। ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকে ব্রাজিলকে চেপে ধরে তারা। সেই সুবাদে তিন মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নিয়ে দারুণভাবে ম্যাচে সমতা আনে ইতালি। ৫৪ মিনিটে সিটফেন আল শায়েরির ক্রস থেকে গোল করে ব্যবধান কমান মিডফিল্ডার ড্যানিয়েল ডি রসি। এই গোলের রেশ কাটতে না কাটতে গুরুত্বপূর্ণ এক গোল করে দলকে ম্যাচে ফেরান স্ট্রাইকার মারিয়ো বালোতেলি¬। এরপর ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে মাল্টার বিপক্ষে খেলতে নামবে ইতালি। এই ড্র’তে কিছুটা হলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে তারা। তবে এই ড্র’তে কিছুটা হলেও দল নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন ব্রাজিলের কোচ লু্ইস ফেলিপে স্কলারি। দ্বিতীয় মেয়াদে দলের কোচ হবার পর প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হারে স্কলারির ব্রাজিল।