দিল্লী টেস্ট

আবারও ভারতীয় স্পিন বিষ

ম্যাচ শুরুর আগেই দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের উইকেটে বেশ ফাঁটল ছিল। ধারাভাষ্যকারদের ভাষায় উইকেট হবে বাউন্স ও মুভমেন্ট সহায়ক। কিন্তু লাঞ্চের পরেই সিরিজের সেই পরিচিত দৃশ্য। সেই স্পিন বিষেই নীল হতে হল অস্ট্রেলিয়াকে। গতকাল চতুর্থ টেস্টের প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোর আট উইকেটে ২৩১। ছয়টি উইকেটই নিয়েছেন স্পিনাররা। শুরুর জয়টা হয়েছিল অস্ট্রেলিয়ানদেরই। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর তাদের হাসি বেশিক্ষণ টিকেনি। দ্বিতীয় ওভারেই পেসার ইশান্ত শর্মার বলে আউট হয়ে ফিরে যান ওপেনার ডেভিড ওয়ার্নার। সেই অবস্থা থেকে দলকে কিছুটা হলেও টেনে তোলেন অপর ওপেনার এড কাওয়ান ও ফিলিপ হিউজ। ৭১ রানের মাথায় হিউজ ৪৫ রান করে সেই ইশান্ত শর্মার বলেই বোল্ড হয়ে যান। এরপরের বাকিটা সময় দাপট দেখান স্পিনাররা। ১০৬ রানের মাথায় প্রথম আঘাত হানেন অশ্বিন। কাওয়ানকে (৩৮) বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। এরপর মাত্র ২০ রানের মধ্যে বিদায় নেন আরও চার অজি ব্যাটসম্যান। ব্যর্থ হন ক্লার্কের অবর্তমানে অধিনায়কের দায়িত্ব পাওয়া শেন ওয়াটসন (১৭), ম্যাথু ওয়েড (২) ও গ্লেন ম্যাক্সওয়েল (১০)। একপ্রান্ত ধরে রেখে ৪৬ রান করেন স্টিভেন স্মিথ। তিনিও আউট হয়ে যান অশ্বিনের বলে। দিনের খেলা শেষ হওয়ার সময় ৪৭ রানে অপরাজিত ছিলেন পিটার সিডল। তার সঙ্গী জেমস প্যাটিনসনের স্কোর ১১। আশার আলো দেখাচ্ছেন এই জুটি। ১৮৯ রানে অষ্টম উইকেটের পতনের পর ৪২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন এই দুজন। অশ্বিন চারটি ও রবীন্দ্র জাদেজা দুটি উইকেট নিয়েছেন। প্রথম তিন টেস্ট জিতে ইতোমধ্যেই টেস্ট সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক ভারত। আর হোয়াইট ওয়াশের শংকা নিয়ে শেষ টেস্ট খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সংক্ষিপ্ত স্কোর: টস: অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া ২৩১/৮ (এড কাওয়ান ৩৮, ফিলিপ হিউজ ৪৫, স্টিভেন স্মিথ ৪৬, পিটার সিডল ৪৭ অপরাজিত; রবীচন্দ্র অশ্বিন ৪/৪০, রবীন্দ্র জাদেজা ২/৩৪, ইশান্ত শর্মা ২/৩৫)