জেলা ফুটবল লিগ একসাথে করার নির্দেশ বাফুফের

জেলা ফুটবল চাঙ্গা করতে কিছু দিন পর পর কর্মকর্তাদের এক সাথে বৈঠক করা উচিত। তাতে সমস্যা খুঁজে বের করা যায়। সমাধানের দুয়ার খুলে এগিয়ে যাওয়া যায়। এর জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটিতে থাকাটা জরুরি নয়। গতকাল রাজধানীর একটি হোটেলে জেলা প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা বললেন বাফুফে’র জেলা ফুটবল লিগ কমিটির সভাপতি মঞ্জুর কাদের। তিনি বলেন, ‘আমাদের কমিটির উদ্দেশ্য সারা দেশের ফুটবল মুখরিত করা। আর এই কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে আমরা যত বেশি খোলাখুলি আলোচনা করব। তত বেশি সমস্যা সমাধান করে এগিয়ে যেত পারব।’ বাফুফের এই কমিটি জেলা ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর সাথে কাল মতবিনিময় সভার আয়োজন করে। সেখানে মাঠ সংকটসহ নানা সমস্যার তুলে ধরেন জেলা প্রতিনিধিরা। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনও উপস্থিত ছিলেন এই সভায়। দেশের ফুটবল প্রধান এই সভায় ঘোষণা করেন,‘এখন থেকে জেলা ফুটবল লিগ হবে প্রতিবছরের সেপ্টেম্বরে। এক সাথে সব জেলার খেলা হবে। এজন্য প্রতিবছর বাফুফে তিন লাখ করে টাকা দেবে।’ তিনি বলেন, যারা লিগ শেষ করেছে বা করার উদ্যোগ নিয়েছে তাদের সবাইকে অভিনন্দন। আর যারা লিগ করতে পারেননি তাদেরকে সহায়তা করব আমরা। কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন।’ জেলাগুলোতে একাডেমি করার পরামর্শ দিয়ে তিনি জানান সহযোগিতা দেবে বাফুফে। প্রসঙ্গক্রমে বাফুফে সভাপতি বলেন, ‘ক্রিকেট বড় খেলা। তাই বলে আমাদের উপর কেউ ছড়ি ঘুরাতে পারবে না। ২৫ কোটি টাকা রয়েছে অথচ ১০ বছর বাংলাদেশ গেমস করতে পারেনি যারা, তারা ক্ষমতায় থাকল কিভাবে। এরা ১০ বছরের জেনারেশন নষ্ট করেছে যে কারণে খেলোয়াড় উঠে আসতে পারে নাই। এই ধরনের কর্মকর্তাদের স্টেডিয়ামে আসা উচিত নয়। এটা রাজাকারের মতোই অপরাধ।’ জেলা ফুটবল লিগ কমিটির সাথে ডিএফএর কর্মকর্তাদের এ মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরুসহ অন্যান্য কর্মকর্তারা। প্রাইম ব্যাংক জেলা ফুটবলের জন্য পৃষ্ঠপোষকতা করছে। চট্টগ্রাম ডিএফএ’র সভাপতি আ জ ম নাসির বলেন, ‘সালাহউদ্দিন দ্বিতীয় বার বাফুফের সভাপতি নির্বাচিত হওয়ার পর জেলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কার্যকর ভূমিকা নিয়েছেন।’ তিনি অন্যান্য জেলার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শুধু বাফুফের মুখাপেক্ষী হয়ে থাকি। বাফুফে থেকে যে পরিমাণ অর্থ দেয়া হয় সেটা দিয়ে চলে না। তবে নিজেরাও অর্থ সংগ্রহ করতে পারি।’ প্রাইম ব্যাংকের এমডি এহসান খসরু বিদেশি কোচের ব্যাপারে ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করার পরামর্শ দেন।