দিল্লি টেস্ট
নাথানের স্পিনে লড়াইয়ে ফিরল অজিরা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৩, ২১:৩৯
নাথান লায়নের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক ভারত গতকাল শনিবার দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার সুযোগ খোয়াল।
অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ২৬২ রানে বেঁধে ফেলার পর ভারতের সামনে সুযোগ ছিল বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার। কিন্তু এর পরিবর্তে মহেন্দ্র সিং ধোনির দল আট উইকেটে ২৬৬ রান তুলে দ্বিতীয় দিন শেষে কেবল চার রানে এগিয়ে থাকে।
প্রথম তিনটি টেস্টে একপেশে হারের পর এই প্রথমবারের মতো সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারলো অস্ট্রেলিয়া। একপ্রান্তে অফ স্পিনার লায়ন এবং বিপরীত দিকে পেস আক্রমণ দিয়ে গতকাল দিনভর ভারতীয় ব্যাটসম্যানদের মোটেই স্বস্তিতে থাকতে দেয়নি সফরকারী দল। উইকেটের সহায়তায় লায়ন তার ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো তুলে নিয়েছেন পাঁচ উইকেট। এ জন্য তাকে ব্যয় করতে হয়েছে ৯৪ রান।
খুব বেশী উইকেট না পেলেও অপর প্রান্তে তাকে যোগ্য সহায়তা দিয়েছেন প্যাটিনসন, সিডলরা। তাদের আঁটসাঁট বোলিংয়ের মুখে দুই ভারতীয় ওপেনার ছাড়া সুবিধা করতে পারেননি কোন ব্যাটসম্যানই। দল সর্বোচ্চ ৫৭ এবং ৫২ রানের দুটি ইনিংস এসেছে ইনিংসের শুরুতে নামা মুরালি বিজয় এবং চিতেশ্বর পূজারার ব্যাট থেকে। দারুণ শুরুর পরেও লায়নের বলে এলবিডব্লিউ হয়ে ৩২ রানে ফিরে গেছেন শচীন টেডুলকার। অভিষিক্ত আজিঙ্কা রাহানে স্টিফেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন মাত্র সাত রানে। দিনশেষে ১০ রানে অপরাজিত ছিলেন ভুবনেশ্বর কুমার।
এর আগে, আগের দিনের ২৩১ রান নিয়ে দিন শুরু করা সফরকারিরা দুই বোলার পিটার সিডল এবং জেমস প্যাটিনসনের ব্যাটিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ২৬২ রান তুলতে সমর্থ হয়। সিডলের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৫১ রান। আগের দিন চারটি উইকেট নেয়া অশ্বিন কাল তুলে নিয়েছেন আরো একটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস:২৬২ (অল আউট)। সিডল ৫১, স্মিথ ৪৬। অশ্বিন ৫৭/৫,জাদেজা ৪০/২।
ভারত প্রথম ইনিংস:২৬৬/৮। বিজয় ৫৭, পূজারা ৫২। লায়ন ৯৪/৫।