সুস্থ হয়ে উঠছেন ক্রিকেটাররা

গত মাস কয়েক ধরে বাংলাদেশের ক্রিকেট রীতিমতো বিপাকে পড়ে গেছে একটার পর একটা ইনজুরির জন্য। বিপিএল শেষে শ্রীলঙ্কা সফরের আগে ইনজুরি একেবারে মহামারীর আকার ধারণ করেছিল। অবশেষে একটু একটু করে সেরে উঠছেন ইনজুরিতে পড়া ক্রিকেটাররা। আশাবাদী হতে পারছে ক্রিকেট অঙ্গন। ইনজুরি থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সাকিব আল হাসান। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ফিটনেস ট্রেনিংও হচ্ছে তার। জিম্বাবুয়ে সফরে জাতীয় দল তাকে পাচ্ছে এটি একরকম নিশ্চিত। সাকিবের মত ইনজুরিতে থাকা অন্য খেলোয়াড়দের নিয়েও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কিছুটা স্বস্তি পাচ্ছে। নাঈম ইসলাম, শামছুর রহমান শুভ, শফিউল ইসলাম ও মাশরাফি বিন মুর্তজাও সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন বিসিবি’র ডাক্তার। সবকিছু মিলে জিম্বাবুয়ে সফরে পূর্ণ শক্তির বাংলাদেশই খেলতে পারবে বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চার পেসারের ট্রেনিংয়ের পাশাপাশি ডাকা হয়েছিল ইনজুরিতে আক্রান্ত খেলোয়াড়দেরও। কাল দৌড়েছেন সাকিব। প্রথমদিনের পর্যবেক্ষণে আগের চেয়ে অনেক ভালো মনে হয়েছে সাকিবকে। তাই ফিজিওথেরাপি দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলো বিসিবি’র ডাক্তার দেবাশীষ চৌধুরী সেখান থেকে আপাতত সরে এসেছেন তিনি। তিনি বলছিলেন, ‘আজ (কাল) সাকিব যেভাবে রানিং করেছে, তাতে মনে হচ্ছে তাকে আর ফিজিওথেরাপি দেয়ার প্রয়োজন নেই। এখন তাকে ট্রেনার স্টুুয়ার্ট কারপিন দেখছেন। তাকে একটা চার্ট দেয়া হয়েছে, সে অনুযায়ী ও কাজ করবে।’ বিপিএলের ফাইনালে ইনজুরিতে পড়া মাশরাফি কাল অনুশীলন করেছেন শফিউল-শাহাদাতের সাথে। নাজমুল হাসান ইনজুরিতে পড়ায় কাল নির্বাচকরা এই তিন পেসারকে ফিটনেস ট্রেনিংয়ের জন্য ডেকেছিলেন। মাশরাফি কাল থ্রোয়িং করেছেন, বোলিংও করেছেন। বিসিবি’র ডাক্তারের ভাষ্য অনুযায়ী মাশরাফি এখন সুস্থ আছেন। জিম্বাবুয়ে সফরের আগে তিনি পুরোদমে ফিট হবেন। নাঈম, শুভ, শফিউলদের ব্যাপারে ডাক্তার বলেন, ‘তারা যেহেতু কোন অভিযোগ করছে না, তাই ধরে নিচ্ছি তারা এখন ফিট রয়েছেন। আশা করছি, জিম্বাবুয়ে সফরের আগে দলের সাথে তারা যোগ দিতে পারবেন।’