স্পেনের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলবে ফ্রান্স

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম মনে করেন বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে শিরোপাধারী স্পেনের বিপক্ষে রক্ষণাত্মক খেলার চিন্তা করলে কোন সমাধান আসবে না। দেশাম তাই প্যারিসে আগামী মঙ্গলবার স্পেনের বিরুদ্ধে খেলাটির প্রাক্কালে দৃঢ়প্রতিজ্ঞ হয়েই জানান তার দল চেষ্টা করবে ইতিবাচক থাকতে। অলিভার গেরুদ, ম্যাথিউ ভালবুয়েনা এবং ফ্রাঙ্ক রিবেরির গোলে ফ্রান্স গত শুক্রবার ৩-১ ব্যবধানে বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয় অঞ্চলের খেলায় জর্জিয়াকে হারায়। ফ্রান্স জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় মনে করেন স্পেনের বিরুদ্ধে খেলাটির আগে দলের মানসিকতায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার চাপ তিনি সামলাতে পারবেন না। সর্বশেষ জয়টির পর ‘আই’ গ্রুপে ফ্রান্স চার খেলা শেষে স্পেনের চাইতে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। ফ্রান্সের অর্জন দশ পয়েন্ট। দ্বিতীয়স্থানে থাকা স্পেন পেয়েছে আট পয়েন্ট। বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন গ্রুপে নিজেদের সর্বশেষ খেলায় ফিনল্যান্ডের সাথে ১-১ গোলে ড্র করতে বাধ্য হয়। দেশাম বলেন, ‘স্পেনের বিপক্ষে খেলতে গিয়ে রক্ষণাত্মক খেলার চিন্তা করলে কোন সমাধান আসবে না।’ জর্জিয়ার বিপক্ষে জয়ের পর তিনি আরো বলেন, ‘মঙ্গলবারের ম্যাচের পর এক নম্বর স্থানটি ধরে রাখার ব্যাপারটিই বেশি গুরুত্বপূর্ণ।’