ক্যান্ডিতে বাংলাদেশ
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৪৮
শ্রীলঙ্কা আর সামরিক হেলিকপ্টার; শব্দগুলো পাশাপাশি দেখলেই লাহোরের সেই হামলার কথা অনেকের মনে পড়ে যেতে পারে। ২০০৯ সালের সেই আক্রমণের পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সামরিক হেলিকপ্টারে করে মাঠ থেকে বিমানবন্দরে আনা হয়েছিল। গতকাল শ্রীলঙ্কাতে সেই সামরিক হেলিকপ্টারে চড়তে হল বাংলাদেশের ক্রিকেটারদের।
না, কোনো হামলা-টামলা নয়। স্রেফ সড়ক ভ্রমণের ক্লান্তি এড়াতে ক্রিকেটারদের হাম্বানটোটা থেকে ক্যান্ডিতে শ্রীলঙ্কান সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হল। এই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
ক্যান্ডিতে আসায় ক্রিকেটারদের একটা উল্লেকযোগ্য অনুভূতি হতে পারে হাফ ছেড়ে বাঁচা। এই মার্চ মাসে কলম্বো ও হাম্বানটোটার উপকূলীয় ভ্যাপসা গরম থেকে মুক্তি পেয়ে পাহাড়ী শীতল আবহাওয়ায় এসে পড়েছে ক্রিকেটাররা। তুলনামূলক এখানে ক্রিকেট খেলাটা সহজ হবে। আর ‘সহজ’ এই কন্ডিশনে অন্তত ওয়ানডে সিরিজের সমতা আর একমাত্র টি-টোয়েন্টির জয় নিয়ে ফিরতে চাইবে বাংলাদেশ।
বাংলাদেশের শক্তির ভারসাম্যটা টিকিয়ে রাখতে ইতিমধ্যে দলের সঙ্গে তামিম ইকবালের বদলে যোগ দিয়েছেন সামসুর রহমান শুভ। তবে শ্রীলঙ্কায় শেষ এই ওয়ানডেতে একাদশে পরিবর্তন আসার তেমন কোনো সম্ভাবনা নেই। মানে পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচের দলই মাঠে নামতে পারে আগামীকাল।