ব্রাজিল ১ : রাশিয়া ১

ব্রাজিলকে হারাতে পারল না রাশিয়া

লুইজ ফিলিপ স্কলারি তার পুরোনো কর্মক্ষেত্র লন্ডনের স্টামফোর্ড ব্রিজে এসে তৃতীয় প্রয়াসেও জয় এনে দিতে পারলেন না পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। বরং চেলসির মাঠে বিশ্বজয়ী এই ম্যানেজার গত সোমবার রাতে রাশিয়ার সাথে ১-১ গোলে ড্র করতে সক্ষম হলেন। সেটাও সম্ভব হয় খেলার অন্তিম মুহূর্তে ফ্লুমিনেনস ফরোয়ার্ড ফ্রেডের গোলে। ব্রাজিলের নিষ্প্রভ খেলা দেখেও অবশ্য আশাবাদী স্কলারি। খেলা শেষে জানান, দলটিতে উন্নতির ছোঁয়া লেগেছে বলে মনে করেন তিনি। কোচ ফ্যাবিও ক্যাপেলোর রাশিয়া একতরফা খেলে স্কলারির দলকে খেলার অধিকাংশ সময়ই কোণঠাসা করে রেখেছিল। যদিও রাশিয়াকেও গোল পেতে ৭৩ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছিল। ভিক্টর ফেজুলিন্স রাশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেয়ার পর ৯০ মিনিটে সমতা ফেরায় ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজক ব্রাজিল। ফ্রেডকে বলের জোগান দেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কাকা প্রথম একাদশেই ছিলেন। কাকা ও নেইমারের মতো বৈশ্বিক সুপারস্টারদের নিয়েও ব্রাজিল পারেনি কাঙ্ক্ষিত জয় তুলে নিতে। সত্যি বলতে কি, দ্বিতীয়বারের মতো ব্রাজিল দলের দায়িত্ব নেয়া স্কলারি এখনো প্রথম জয়ের সন্ধানেই পথ চলছেন। ২০০২ সালে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো কোচ স্কলারি এরপরও আত্মবিশ্বাসী। তিনি মনে করেন দল সঠিক পথেই পরিচালিত হচ্ছে। স্কলারি সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি মনে করি ইটালির ম্যাচটি থেকেই এটা শুরু হয়েছে (গত বৃহস্পতিবার প্রীতি ম্যাচটি ২-২ গোলে ড্র হয়)। একই অবস্থান ধরে রেখেছি আমরা। কিন্তু আমরা এমন এক দলের বিপক্ষে খেললাম যারা দারুণ ঐক্যবদ্ধ। ৫৪টি দেশ বিশ্বকাপে খেলার জন্য বাছাইয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাশিয়াই একমাত্র দল যারা গোল হজম করেনি।’ রাশিয়া প্রসঙ্গে স্কলারি বলেন, ‘তারা বলের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখেছে ভালোভাবেই। আমাদের গোলটি দেরিতে এসেছে। কারণ মাঠে ভালো খেলছিল তারা। ফুটবলে সব সময় সেরা দল জিতবেই এটার কোন গুরুত্ব নেই।’ দলের প্রশংসায় স্কলারি বলেন, ‘আমার দলটির যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তারা হতাশ হয়ে পড়েনি। মাথা ঠিক রেখেছে এবং বলের ওপরে নিয়ন্ত্রণ রেখেছে। কারণ তারা জানে সুযোগ রয়েছে। আমি বিশ্বাস করি আমরা সঠিক পথেই রয়েছি।’ এদিকে ক্যাপেলো দলের লড়াকু মনোভাবে সন্তুষ্ট। বিশ্বকাপ বাছাইয়ে রাশিয়া (ইউরোপ অঞ্চল) গ্রুপ এফ-এ চার ম্যাচের চারটিতেই জয় তুলে নিয়েছে। পয়েন্ট টেবিলে তারা শীর্ষে রয়েছে চার পয়েন্টে এগিয়ে থেকে। আগামী বছর দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে যাওয়ার জন্য রাশিয়ার পথ চলাটা হয়েছে মসৃণ। ক্যাপেলো বলেন, ‘আমার মনে হয়েছে দল ভালো খেলেছে এবং তারা সংহত ছিল। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে দলের অগ্রগামিতা।’