বার্সায় ফিরে এলেন ভিলানোভা
প্রকাশ : ২৬ মার্চ ২০১৩, ২১:৫৭
চলতি বছরের জানুয়ারি থেকে নিউইয়র্কে ক্যান্সারের চিকিত্সা নেয়া বার্সেলোনার কোচ টিটো ভিলানোভা গতকাল মঙ্গলবার সকালে স্পেনে ফিরে আসেন। বার্সেলোনার ওয়েবসাইট ভিলানোভার ফেরার ব্যাপারটি নিশ্চিত করে। স্পেনের অন্যতম সেরা দল বার্সেলোনা। চলতি মৌসুমে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। ক্লাবটির ওয়েবসাইট জানায়, ‘টিটো এখন বার্সেলোনায়।’ এতে আরো বলা হয়, ভিলানোভা ধীরে ধীরে দলটির পরিচালনার সাথে যুক্ত হবেন। বর্তমানে ৪৪ বছর বয়সী এই কোচ জানুয়ারির শেষের দিকে নিউইয়র্কে যান চিকিত্সা নিতে। লালাগ্রন্থির ক্যান্সারের অস্ত্রোপচার আগেই করিয়েছিলেন। এবার তিনি গেলেন পরবর্তী ধাপের চিকিত্সার জন্য। চিকিত্সা শেষে ফিরলেন ভিলানোভা। তার অনুপস্থিতিতে ভিলানোভান সহকারী জর্দি রৌরা বার্সেলোনার দায়িত্বে ছিলেন এতদিন। ওয়েবসাইটে আরো বলা হয়, ‘ধারণা করা হচ্ছে বিকালের (গতকালকের) অনুশীলন পরিচালনা করবেন জর্দি রৌরা এবং অরেলি আলটিমিরা, যারা ভিলানোভার সাথে ফিরতি ফ্লাইটে ছিলেন। টিটো ভিলানোভা আবারো দলের কার্যক্রমে যোগ দেবেন।’