সেনাবাহিনীর ২য় মহিলা প্যারাট্রুপার মেজর নুসরতের সফল প্যারাস্যুট জাম্প

বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় মহিলা প্যারাট্রুপার হিসাবে সফলভাবে প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেছেন মেজর নুসরত নুর আল চৌধুরী। গত সোমবার সিলেটের শালুটিকর ড্রপজোনে সেনাবাহিনীর দ্বিতীয় মহিলা প্যারাট্রুপার হিসাবে সফলভাবে তার ৫ম প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেন। সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্সেস ইউনিট ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন, জালালাবাদ সেনানিবাস, সিলেটের তত্ত্বাবধানে উক্ত জাম্প পরিচালনা করা হয়। প্যারাস্যুট জাম্পে অংশগ্রহণের পূর্ব শর্ত হিসেবে মেজর নুসরতকে বিভিন্ন কঠিন শারীরিক উত্কর্ষতা যাচাই ও ভূমি প্রশিক্ষণের পরীক্ষায় অবতীর্ণ হতে হয় । উক্ত সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তিনি গত ৪ এপ্রিল বিমান বাহিনীর এএন-৩২ বিমান হতে দুটি এবং ৮ এপ্রিল সেনাবাহিনীর এডহক আর্মি এভিয়েশন গ্রুপের সেসনা গ্র্যান্ড ক্যারাভান বিমান হতে তিনটি প্যারাস্যুট জাম্পে অংশগ্রহণ করে সফলভাবে ভূমিতে অবতরণ করতে সক্ষম হন । উল্লেখ্য মেজর নুসরত তার ৫টি প্যারাসু্যুট জাম্পই চীনের তৈরি টাইপ-৯ প্যারাস্যুটের সাহায্যে ২,৫০০ ফুট উচ্চতা হতে সফলভাবে জাম্প সম্পন্ন করেন । মেজর নুসরতের স্বামী মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক সেনাবাহিনীর একজন কমান্ডো ও ছত্রীসেনা। একই সময়ে সেনাবাহিনীর ইতিহাসে সর্ব প্রথম ছত্রীসেনা দম্পতি হিসেবে মেজর মঞ্জুর ও মেজর নুসরত সফলভাবে বিমান হতে প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেন। গত ১২ ফেব্রুয়ারি সেনাবাহিনীর প্রথম নারী প্যারাট্রুপার হিসেবে ক্যাপ্টেন জান্নাত প্রশিক্ষণ সম্পন্ন করেন। -আইএসপিআর