হরতাল নিষিদ্ধের দাবিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের মানববন্ধন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৫
হরতাল নিষিদ্ধসহ ছয় দফা দাবি আদায়ের জন্য মানববন্ধন করেছে শাহবাগের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সোমবার বিকালে আজিজ সুপার মার্কেটের সামনে ক্ষুদ্র ব্যবসায়ী, বই প্রকাশকরা ‘দেশ বাঁচাও-পেট বাঁচাও’ আন্দোলন-এর নামে এই মানববন্ধন করেন। আন্দোলনের আহবায়ক রবীন আহসান বলেন, গত তিন মাস দেশে সন্ত্রাস, সহিংসতা, নৈরাজ্য ও হরতাল চরম আকার ধারণ করেছে।গণতান্ত্রিক অধিকারের নামে একের পর এক হরতাল আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন বিপন্ন করে তুলছে। বড় ব্যবসায়ীরা বড় দলের সদস্য হওয়ায় তারা এর কোন কার্যকরী প্রতিবাদ করছেন না। হরতাল বন্ধেও কোন ভূমিকা রাখছেন না। যে সব দাবিতে মানববন্ধন করা হয়েছে তা হলো, আইন করে হরতাল নিষিদ্ধ, আসন্ন নির্বাচনের আগে নির্বাচনী ইশতেহারে হরতাল না করার অঙ্গীকার, গণতান্ত্রিক আন্দোলনের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের পথ বন্ধ না করা, হরতালে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যাংক ঋণ ও কিস্তি মওকুফ, ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান রাত দশটা পর্যন্ত খোলা রাখার অনুমতি প্রদান।