কর্মক্ষেত্রে কারা বেশি পরিতৃপ্ত
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৩, ২১:২৬
ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবী, পাইলট, চালক থেকে দিনমজুর পর্যন্ত নানা পেশায় নিয়োজিত আছে বিশ্বের কোটি কোটি মানুষ। এসব কর্মজীবীদের মধ্যে তাদের কাজ নিয়ে কারা বেশি সন্তুষ্ট বা কারা বেশি পরিতৃপ্ত এবং তাদের চাকরি, দায়িত্ব পালনের ক্ষেত্রে কারা সবচে কম সন্তুষ্ট বা কম পরিতৃপ্ত তা নিয়ে একটি চমত্কার জরিপ চালিয়েছেন বিশেষজ্ঞগণ। এতে দেখা গেছে, কর্মক্ষেত্রে চিকিত্সকগণ সবচে পরিতৃপ্ত এবং সবচে কম তৃপ্ত হিসেবে বিবেচিত হয়েছে পরিবহন সেক্টরের কর্মজীবী চালক এবং পাইলটরা। আর কর্মক্ষেত্রে পরিতৃপ্তির এ জরিপটি পরিচালিত হয়েছে কর্মীদের স্বাস্থ্য, সমৃদ্ধি ও তাদের মানসিক চাপ বিবেচনায় এনে। ২০১২ সালের গ্যালুপ হেলথওয়েজ ওয়েল বিং ইনডেক্স জরিপে চিকিত্সকগণ সবচে সুখী ও পরিতৃপ্ত এবং পরিবহন কর্মী যেমন: ড্রাইভার, পাইলট, ফ্লাইট অ্যাটেনডেন্স, এয়ারট্রাফিক কন্ট্রোলার কর্মীরা সবচে কম পরিতৃপ্ত কর্মজীবী হিসেবে বিবেচিত হয়েছেন। ১৪টি প্রধান পেশার ১ লাখ ৭০ হাজার কর্মজীবীর ওপর এই জরিপ পরিচালনা করা হয়। জরিপে স্বাস্থ্য, মানসিকতা, কাজের ধরন, চাপ ইত্যাদি বিষয়ের ওপর ৫৫টি প্রশ্ন স্থান পায়। এমনকি জরিপে অংশ নেয়া কর্মজীবিগণ ধূমপায়ী কিনা, নিয়মিত শরীর চর্চা করেন কিনা, প্রতিদিন কোন নতুন জিনিস সম্পর্কে শিখছেন কিনা এবং সর্বোপরি নিয়োগকৃত প্রতিষ্ঠান তাদের স্বাস্থ্য সেবায় যথেষ্ট মনোযোগী কিনা ইত্যাদি। এমনকি শরীরে মেদবহুলতাও অতৃপ্তির অন্যতম কারণ। এক্ষেত্রে চিকিত্সদের মধ্যে ১৪ শতাংশ মেদবহুল এবং পক্ষান্তরে পরিবহন কর্মীদের শতকরা ৩৭ ভাগ মেদবহুল দেখা যায়। কর্মক্ষেত্রে পরিতৃপ্তির তালিকায় দ্বিতীয় স্থানে আছে শিক্ষকগণ। তবে গ্যালুপ ওয়েল বিং স্ট্যাডিতে পরিতৃপ্ত কর্মজীবীদের নির্বাচন করতে তাদের স্বাস্থ্যগত দিকটি সবচে বেশি বিবেচনায় আনা হয়েছে এবং ওবেস এবং শারীরিকভাবে অসুস্থদের ইনডেক্স কম এসেছে। তাই গবেষকগণ কর্মক্ষেত্রে স্বাস্থ্যকর পরিবেশের ওপর বেশি জোর দিয়েছেন। তবে গ্যালুপ জরিপে যে ১৪টি পেশা অন্তর্ভুক্ত করা হয় তন্মধ্যে সংবাদ মাধ্যম বা গণমাধ্যম অন্তর্ভুক্ত করা হয়নি।