অস্ট্রেলিয়ার সঙ্গে উন্নয়ন সহায়তা চুক্তি স্বাক্ষর

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সরকারের মধ্যে উন্নয়ন সহযোগিতা কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে। বৃহস্পতিবার ঢাকায় অস্ট্রেলিয়া-বাংলাদেশ উন্নয়ন সহযোগিতা শীর্ষক উচ্চ পর্যায়ের ১ম পর্যালোচনা সভায় এই যৌথ বিরণীতে স্বাক্ষর করেন অসএইড-এর দক্ষিণ ও পশ্চিম এশিয়ার প্রথম সহকারী মহাপরিচালক স্কট ডসান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. আবুল কালাম আজাদ। এ সময় বাংলাদেশে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত গ্রেগ উইরকক বলেন, এই যৌথ বিবরণী দুই দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ ও কার্যকর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আবুল কালাম আজাদ বলেন, গত বছর অস্ট্রেলিয়া ও বাংলাদেশ তাদের কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন করে। এই যৌথ বিবরণীর মাধ্যমে বাংলাদেশ সরকারের ষষ্ঠ-পঞ্চ বার্ষিক পরিকল্পনার (২০১১-২০১৫) আলোকে একটি উন্নয়ন সহযোগিতা কার্যক্রম বাস্তবায়ন করার প্রতিশ্রতি প্রদান করেছে অষ্ট্রেলিয়া সরকার। এ কার্যক্রম অতি দরিদ্র নারী-পুরুষের জন্য সামাজিক সেবা (বিশেষত শিক্ষা ও স্বাস্থ্য) প্রদানের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা, তাদের আয় বৃদ্ধিতে সহযোগিতা করা এবং প্রাকৃতিক দুর্যোগ, যেমন বন্যার ক্ষয়ক্ষতি কমাতে সাহায্য করবে।