নাক কান গলা বিশেষজ্ঞদের সম্মেলন শুরু
প্রকাশ : ১২ এপ্রিল ২০১৩, ২০:১৪
বৃহস্পতিবার তেজগাঁও জাতীয় ইএনটি ইনস্টিটিউটে নাক কান ও গলা বিশেষজ্ঞদের সংগঠন— সোসাইটি অব অটোল্যারিংগোলজিস্টস এন্ড হেড-নেক সার্জন্স অব বাংলাদেশ-এর পঞ্চদশ জাতীয় সম্মেলন শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির। সম্মানিত অতিথি ছিলেন স্বাস্থ্য সচিব এমএম নিয়াজউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক আবু সফি আহমেদ আমিন এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন-এর মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সলান। অনুষ্ঠানে দেশের চার শতাধিক নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিশেষজ্ঞ অংশগ্রহণ করছেন। আজ বার্ষিক সাধারণ সভার মাধ্যমে ১৫তম জাতীয় সম্মেলনের পরিসমাপ্তি ঘটবে। এই সম্মেলনে দেশের অভিজ্ঞ সার্জনদের পাশাপাশি ভারত ও নেপাল থেকে ৬ জন বিশেষজ্ঞ হাতে-কলমে নাক কান গলা ও হেড-নেক বিষয়ের ওপর জটিল লাইভ সার্জারি প্রদর্শন করবেন। এ বছর অধ্যাপক বিগ্রেডিয়ার অধ্যাপক এমআর খান এবং অধ্যাপক এম এ কাদের স্মরণে আলোচনা সভা এবং স্মারক বক্তৃতারও আয়োজন করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি