ভারত সফর হচ্ছে বাংলাদেশের!

অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ইংল্যান্ড; ক্রিকেটের অভিজাত সব খেলুড়ে দেশেই বাংলাদেশ কয়েক বার করে সফর করেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হয়ে আছে ভারত। বাংলাদেশকে এখনও পর্যন্ত কখনোই আতিথ্য জানাতে পারেনি ভারত। এর পেছনে বড় কারণ মনে করা হয় আর্থিক ব্যাপার। অনেকেই বলেন, বাংলাদেশের বিপক্ষে খেলে বাণিজ্যিকভাবে তারা লাভবান হবে না—এমন ধারণা থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) আমন্ত্রণ জানায় না। কারণ যাই হোক, বিসিবিও এই সফরের জন্য চেষ্টা চালাচ্ছে অনেকদিন ধরে। অবশেষে আরেকবার বিসিসিআইয়ের কাছ থেকে বিসিবি সফরের জন্য ‘সবুজ সংকেত’ পেয়েছে বলেই মনে হচ্ছে। অন্তত তেমনই ইঙ্গিত দিলেন ভারত সফর করে আসা বিসিসি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ও বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। সর্বশেষ গত বছর জুনে তত্কালীন বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল এমপি বিসিসিআই সভাপতির সাথে সাক্ষাত্ করে পূর্ণাঙ্গ সিরিজের একটা সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু ব্যস্ত সূচি এবং খেলোয়াড়দের বিশ্রামের দোহাই দিয়ে সেবারও বিসিসিআই ভেস্তে দেয় বাংলাদেশ দলের ভারত সফরটি। রাতে বোর্ড সভাপতি ঢাকায় ফিরে জানালেন, বিসিসিআই সভাপতির সঙ্গে ভারত সফর নিয়ে কথা হয়েছে তার। আইপিএল নিয়ে চলমান জটিলতা কেটে গেলে একটা ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল দেখতে এবার নতুন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ভারত সফরে গিয়েছিলেন গত শুক্রবার। সঙ্গী হয়েছিলের বোর্ডর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজনও। ভারত সফরের ব্যাপারে বিসিসিআই সভাপতি এবারো সবুজ সংকেত দিয়েছেন বলেই বিসিবির সিইও’র কথাতে ইঙ্গিত পাওয়া গেছে। তবে এবারও বিসিসিআইয়ের রয়েছে নানান অজুহাত। ভারত ঘুরে এসে কাল মিরপুরে বোর্ডের সিইও বলেন, ‘ভারত সফর নিয়ে অফিশিয়ালী কোন কথা হয়নি। যদি কোন কথা হয়ে থাকে সেটা বোর্ড সভাপতির সাথে হয়েছে। তবে তারা আইপিএলের স্পট ফিক্সিং কেলেংকারি নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। সাথে বর্ষার মৌসুম থাকায় ভেন্যু নিয়েও আলাদা টেনশন রয়েছে।’ আইসিসির ফিউচার ট্যুর প্রোগামের (এফটিপি) আগামী পাঁচ বছরে বাংলাদেশ দলের কোন ইংল্যান্ড সফর নেই। নেই কোন ভারত সফরও। এফটিপির শেষদিকে অস্ট্রেলিয়া একটি সফর রয়েছে বাংলাদেশ দলের। এফটিপিতে বড় দলগুলোর সাথে সফর বিনিময় না থাকায় আগামী পাঁচ বছরে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচের সংখ্যাও কমে গেছে। ২০০০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ অভিষেক টেস্ট খেলার পর বিসিসিআই কখনোই বাংলাদেশকে দাওয়াত দেয়নি। ১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত ভারতে নয়টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ, সেটাও তিন জাতি সিরিজ খেলার কারণে। অথচ, ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশের মাটিতে সাতটি টেস্ট ও ১৫টি ওয়ানডে মিলে ২২টি ম্যাচ খেলে ফেলেছে। সাবেক বোর্ড সভাপতি ও বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসনের সৌহার্দ্যপূর্ণ আলোচনার ফল হিসাবে বাংলাদেশ তিনটি ওয়ানডে খেলার সুযোগ পেয়েছিল গত বছর। কিন্তু সেটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। এবার নাজমুল হাসানের ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলারই আশা করছে বিসিবি। সিইও দেখছেন ইতিবাচক হিসাবে, ‘আমরা আশাবাদী ভারত সফরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পারবো। আমরা তো চাইব টেস্ট ও ওয়ানডে খেলতে। সময় বের করে তারাই আমাদের জানাবে।’ বিসিবির সিইও বললেন, সমপ্রতি আইসিসির এক সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, চাইলে সহযোগী দেশগুলোর সাথে পূর্ণ সদস্য দেশগুলোর সফর বিনিময় করতে পারবে। সেক্ষেত্রে সময় ও ভেন্যু ঠিক করে সহযোগী দেশগুলো পূর্ণ সদস্যদের আমন্ত্রণ করতে পারবে। জানা গেছে, গত বছরের মত এ বছরও জুলাই-আগষ্টে বাংলাদেশ দল আয়ারল্যান্ড সফর করতে পারে। তবে এটি নির্ভর করছে ভারত সফরের উপর। যদি বিসিসিআই বাংলাদেশকে আমন্ত্রণ না জানায় তবে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের আগে বাংলাদেশ ফের আয়ারল্যান্ড সফরে যেতে পারে। বিসিবির সিইও বলেন, ‘আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমাদের এখনো কথা হয়নি। তবে আইসিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই সফর করা যেতে পারে।’