অস্ট্রেলিয়া সফরে নিউজিল্যান্ডের ১৬ সদস্যের দল, ফিরলেন ও’রুর্ক

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৫

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। 

এবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা। সিরিজের তৃতীয় টেস্টটি অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি), বক্সিং ডে-তে। ম্যাচটি হতে যাচ্ছে নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামের ক্যারিয়ারের শততম টেস্ট।

দলে পেস বোলিংয়ের জন্য রাখা হয়েছে সাতজনকে। যাদের নেতৃত্বে থাকবেন ম্যাট হেনরি। পাশাপাশি আছেন আরেক লম্বা গড়নের পেসার কাইল জেমিসন। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলা মাইকেল রেও জায়গা পেয়েছেন দলে।

হ্যামস্ট্রিং ও কাফের চোটের কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ও’রুর্ককে খেলায়নি নিউজিল্যান্ড। মূলত অস্ট্রেলিয়া সফরের জন্য তাকে পুরোপুরি প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন পর্যন্ত ১৪ টেস্ট খেলে ২৪.৫৫ গড়ে ৪৯ উইকেট নিয়েছেন এই পেসার। তার বোলিং স্ট্রাইক রেট ৪১.৭।

ও’রুর্কের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অধিনায়ক টম লাথাম। তিনি বলেন, ‘আমাদের শক্তিশালী পেস আক্রমণে উইলকে আবারও ফিরে পাওয়া দারুণ ব্যাপার। তার উচ্চতা এবং গতির সঙ্গে ডানহাতি ব্যাটারের দিকে বল ভেতরে ঢোকানোর দক্ষতা আমাদের বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। দলের অন্য বোলারদের দক্ষতার সঙ্গে তার সামর্থ্যও দারুণভাবে মানিয়ে যাবে।’

আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত হবে বাকি তিনটি ম্যাচ।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম লাথাম (অধিনায়ক), টম ব্ল্যান্ডেল (উইকেট রক্ষক), ডেভন কনওয়ে, জেকব ডাফি, ম্যাট ফিসার, ডেন ফক্সক্রফট, ম্যাট হেনরি, কাইল জেমিসনসন, ডার্ল মিচেল, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস, মেইকেল রেও, রাচীন রাভিন্দ্রা, নাথান স্মিথ ও উইল ইয়ং।

ইত্তেফাক/জেডএইচ