সুপার কাপের জন্য জোর প্রস্তুতি ক্লাবগুলোর
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:১৮
আসন্ন সুপার কাপ ফুটবলে বিদেশিদের খেলানোর সুযোগ না থাকায় ক্লাবগুলো জোর প্রস্তুতি নিতে শুরু করেছে।
লন্ডনে জাতীয় ফুটবল দলের সফরটি স্থগিত হয়ে যাওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সুপার কাপ ফুটবল অনুষ্ঠানে উদ্যোগী হয়। ১৪ জুন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সুপার কাপ ফুটবল শুরু হওয়ার কথা। বাফুফে টুর্নামেন্টটির তৃতীয় আসরে এসে বিদেশিদের জন্য দুয়ার বন্ধ করে দেয়। তাই ক্লাবগুলোকেও স্থানীয় ফুটবলারদের নিয়েই মাঠে নামতে হচ্ছে।
পেশাদার লিগের আটটি দলের মধ্যে সীমাবদ্ধ এই টুর্নামেন্টের আগে ক্লাবগুলো পনের দিনের সময় পেয়ে তা কাজে লাগাতে জোর প্রস্তুতি নিতে শুরু করছে। লিগ চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্র তিন দিন আগে অনুশীলন শুরু করে। গতকাল শুরু হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রস্তুতি। মোহামেডান, আবাহনী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র আজ থেকে প্রস্তুতি শুরু করবে। এই তিন দল বিকালে অনুশীলন রেখেছে।
মোহামেড্রান তাদের নিজেদের মাঠে প্রথম দিন অনুশীলন করবে। কোচ সাইফুল বারী টিটু দল নিয়ে কাজ শুরু করেছেন। দলটির ডিফেন্ডার রজনীর পরিবার কলকাতায় বসবাস করে এবং কোচ জানিয়েছেন কলকাতা থেকে ফিরে আসছেন তিনি। গতকাল রাতেই তার ঢাকায় পৌঁছে যাওয়ার কথা।
মোহামেডান ২০০৯ সালে অনুষ্ঠিত সুপার কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন হলেও এবার লিগে পঞ্চম স্থান পেয়েছে। সুপার কাপে তারা একটা ভালো কিছু উপহার দিতে চায় সমর্থকদের। কিন্তু সেটা কতটা সম্ভব তা নিয়ে শংকা রয়েছে। কারণ লিগে বিদেশিরাই ছিল মোহামেডানের ভরসা। সুপার কাপে সেটা হচ্ছে না বলে শংকায় আছে কোচ টিটু।
বিদেশি ফুটবলারদের আধিক্যের কারণে অনেক দেশি ফুটবলার বেঞ্চে বসে থাকতে বাধ্য হন। সুপার কাপ সেই সব খেলোয়াড়দের ভাগ্য খুলে দিচ্ছে বলা যায়। মাঠে অনিয়মিত ছিলেন মোহামেডানের জিতু, রবিনসহ একাধিক খেলোয়াড়। তারা সুযোগ করে নিতে চান সুপার কাপ ফুটবলে।
আবাহনী ২০১১ সালে অনুষ্ঠিত দ্বিতীয় সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়। এবার পেশাদার লিগে তারা শিরোপা খু্ইয়ে পেয়েছে তৃতীয় স্থান। সুপার কাপে তাদের ইরানী কোচ আরদেশির পুরনামাথ থাকছেন না। ঘরের মানুষ অমলেস সেন খেলোয়াড়দের তালিম দেবেন। আজ বিকালে নিজেদের মাঠে অনুশীলন শুরু করবে সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।
শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য এই মৌসুমটি স্মরণীয় হয়ে থাকছে। ট্রেবল জয় করেছে তারা। এখন স্বপ্ন সুপার কাপ জয়ের। শেখ জামালের সাথে ৭৩ হাজার ডলার পারিশ্রমিকে চুক্তি করে দেশে ফিরে গেছেন হাইতির সনি নর্দে। বিদেশি ছাড়াই স্থানীয়দের নিয়ে শক্তিশালী দল শেখ রাসেল। যদিও এমিলি, জাহিদ, মামুনুল ইসলাম, মামুন মিয়া, মিঠুন চৌধুরী, লিংকনরা দল ছেড়ে চলে গেছেন। তারপরও এদের শক্তিকে পুঁজি করে পঞ্চাশ লাখ টাকার চ্যাম্পিয়নশিপ জয়ে লড়বে কোচ মারুফুল হকের দল শেখ রাসেল। অনিয়মিত খেলোয়াড় আনোয়ার, ইমন বাবু, মিঠুন, নাসিররা নিয়মিত হতে পারছেন সেরা একাদশে। ব্রাদার্স এবারের লিগের পুরোটা জুড়ে অস্তিত্বের লড়াইয়ে ছিল। এরপরও দলটি রেলিগেশন এড়াতে সক্ষম হয় এবং অনুশীলন শুরু করবে শনিবার।
মুক্তিযোদ্ধা আজ বিকালে সামরিক যাদুঘর মাঠে অনুশীলন শুরু করবে। আগামীকাল থেকে দুই বেলা অনুশীলন তাদের। পেশাদার ফুটবল লিগে নয় দলের মধ্যে ছয় নম্বর স্থান পাওয়া মুক্তিযোদ্ধা কোচ শফিকুল ইসলাম মানিক জানিয়েছেন টুর্নামেন্টে বিদেশিদের সুযোগ না থাকায় নতুন চারজন নিয়মিত একাদশে সুযোগ পাবেন।
সুপার কাপের গত আসরের ফাইনালে আবাহনীর বিরুদ্ধে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরে গিয়েছিল মোহামেডান। দলের নাইজেরিয়ান গোলকিপার হাসান ম্যাচের ৪০ মিনিটের সময় আবাহনীর এক খেলোয়াড়কে বিনা উস্কানিতে আঘাত করে লালকার্ড পেয়ে মাঠ ছাড়েন। হাসানকে এক মাসের বেতন দুই হাজার ডলার জরিমানা করেছিল মোহামেডান। তাতে আপত্তি করেননি হাসান। পরের মৌসুমেই নাইজেরিয়ান এই গোলকিপার হাসান আবাহনীর জার্সি গায়ে খেলেছিলেন। হাসানের কারণে সুপার কাপের স্বাদ পায়নি কোচ মানিক। তার সেই আফসোস এখনও রয়েই গেছে।