স্কলারিতে আস্থা কাফুর

দরজায় কড়া নাড়ছে কনফেডারেশন্স কাপ। অথচ ব্রাজিল দলের পারফরম্যান্স মোটেই আশাব্যঞ্জক নয়। নিজেদের সর্বশেষ পাঁচটি ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সেলেচাওরা। আর সেটিও এসেছে তুলনামূলক বিচারে দুর্বল বলিভিয়ার বিরুদ্ধে। তাই পেলে, রোমারিওর মতো কিংবদন্তিদের অনেকেই প্রশ্ন তুলেছেন কোচ লুইস ফেলিপে স্কলারির কৌশল নিয়ে। তবে এবার তিনি অন্তত সাবেক তারকাদের একজনকে পাশে পেলেন। দলটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু স্কলারির উপর আস্থা রেখে বলেছেন, তিনি হচ্ছেন এমন একজন যিনি কিনা তার কাজটা ঠিকভাবেই জানেন। ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক কাফুর বিশ্বাস, সাম্প্রতিক সময়ে প্রীতি ম্যাচগুলোতে পারফরম্যান্স আশাপ্রদ না হলেও, আসন্ন কনফেডারেশন্স কাপ এবং আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের প্রস্তুতিটা মোটেই খারাপ হচ্ছে না। ব্রাজিল জাতীয় দল এবং স্কলারিকে খুব কাছ থেকে চেনেন বলেই হয়তো দল সম্পর্কে এমনটা বলতে পারছেন কাফু। কারণ, জাতীয় দলের হয়ে ১৪২টি ম্যাচ খেলা কাফু ‘বিগ ফিলে’র অধীনেই জেতেন ২০০২ বিশ্বকাপ। ল্যান্সনেটকে দেয়া এক সাক্ষাত্কারে ৪২ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ‘এটা সত্যি যে, অন্য ফেভারিট দলগুলোর চেয়ে তারা কিছুটা পিছিয়ে আছে। তবে এটার কারণ উদ্দীপনা। অন্য দলগুলো ব্রাজিলের এই দলটির চেয়ে অনেক বেশী অভিজ্ঞ।’ রাজধানী ব্রাজিলিয়ায় জাপানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ব্রাজিলের কনফেডারেশন্স কাপ মিশন। তবে এর আগেই আরেকটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে তারা। তবে ম্যাচটির মূল উদ্দেশ্য হচ্ছে মারকানা স্টেডিয়ামের দর্শনধারণ ক্ষমতা পরীক্ষা করা। বিশ্বকাপকে সামনে রেখে ব্যাপক পরিমাণ সংস্কার কাজ চালানোর পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে এটা হবে দ্বিতীয় পরীক্ষামূলক ম্যাচ। অন্যদিকে এই প্রীতি ম্যাচে ইংলিশ কোচ রয় হজসন দলে পাচ্ছেন না টটেনহ্যাম হটস্পারস ডিফেন্ডার কাইল ওয়াকারকে। ধারণা করা হচ্ছে, জ্যামাইকার বিরুদ্ধে টটেনহ্যামের মৌসুম শেষ ম্যাচে চোট পান ওয়াকার। ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার ড্যানি ওয়েলব্যাকেরও এই ম্যাচে খেলা নিয়ে সন্দেহ আছে। ইনজুরির কারণে এই স্ট্রাইকার গত সোমবারের অনুশীলনে অংশ নিতে পারেননি। প্রতিবেদকদের ভাষ্যমতে, ওয়েলব্যাকের ইনজুরির সুবাদে ওয়েইন রুনির সঙ্গে এ ম্যাচে সুযোগ পেতে পারেন লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ। তবে তার আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আজকের প্রীতি ম্যাচে তার ভালো কিছু করে দেখাতে হবে।