নাপোলিতেই গেলেন বেনিতেজ
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:১৮
চেলসিকে সদ্যই ইউরোপা লিগ জেতালেও সেখানে একটুও ভালো সময় কাটছিল না ‘রাফা’র। মৌসুম চলা অবস্থাতেই দর্শকদের আচরণে বিরক্ত হয়ে বলে দিয়েছিলেন, মৌসুম শেষে চলে যাবেন। তাই করলেন রাফায়েল বেনিতেজ। কোচ বিদায় করায় সবচেয়ে খ্যাতি পেয়ে যাওয়া চেলসি মালিক রোমান আব্রামোভিচকে সুযোগ দিলেন না; নিজেই চলে গেলেন ইতালিতে। গতকালই ইতালির সাবেক ইউরোপসেরা দল নাপোলি নিশ্চিত করল, তাদের নতুন কোচ হচ্ছেন বেনিতেজ। বেনিতেজের পছন্দটা যে নাপোলি হতে পারে, সেটা সংবাদ মাধ্যমে আগেই এসেছে। এমনকি দু’পক্ষের সমঝোতাও হয়ে গেছে বলে খবর ছিল। তাই নাপোলির এই ঘোষণাটা আর খুব একটা চমক হিসেবে আসেনি। নাপোলি নিজেদের ওয়েবসাইটে সোজা বলে দিয়েছে, বিদায়ী কোচ ওয়াল্টার মাজ্জারির জায়গায় বেনিতেজকে নিচ্ছে তারা, ‘রাফা বেনিতেজ নাপোলির নতুন কোচ। সোমবার লন্ডনে এ বিষয়ে চুক্তি সই হয়ে গেছে। এরকম সম্মানীয় ও যোগ্য একজন কোচকে পেয়ে নাপোলি পরিবার অত্যন্ত খুশি।’
ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে ইতালিয়ান লিগ, কাপ ও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্ব অর্জন করার পর নাপোলি একরকম হারিয়েই গিয়েছিল। অবশেষে আবার তারা লড়াইয়ে অন্তত ফিরে এসেছে। এখন ক্লাবটি আরেকবার শিরোপার স্বপ্ন দেখছে বেনিতেজের হাত ধরে। নাপোলি প্রেসিডেন্ট আউরেলিও দে লরেন্তিস বেনিতেজকে সই করানোর খবর জানিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘রাফা বেনিতেজ আমাদের নতুন কোচ। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন অসাধারণ এক মানুষ, অসাধারণ এক নেতা।’
রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় রাফা বেনিতেজ তার ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় রিয়াল মাদ্রিদের সেকেন্ড ডিভিশন দলে খেলেছেন। কোচ হিসেবে রিয়াল মাদ্রিদেরই ‘বি’ টিমে কাজ শুরু করার পর পর্যায়ক্রমে ভ্যালাদোলিদ, ওসাসুনা, টেনেরিফে, ভ্যালেন্সিয়া হয়ে লিভারপুল, ইন্টার মিলান ও চেলসিতে কাজ করেছেন। দেখা যাক, নাপোলির জন্য ‘মাঠের বাইরের ম্যারাডোনা’ হতে পারেন কি-না বেনিতেজ।