ওয়াসিম সুপার কাপে শেখ জামালের কোচ

জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় খন্দকার ওয়াসিম ইকবাল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ হয়েছেন। তিনি শুধু সুপার কাপে দলটির কোচের দায়িত্ব পালন করবেন। ওয়াসিম নিজেই জানিয়েছেন এ তথ্য। পেশাদার লিগে নাইজেরিয়ান কোচ যোশেফ আফুসি ছিলেন শেখ জামালের দায়িত্বে । জানা গেছে, কয়েক দিন আগে তিনি লন্ডন চলে গেছেন। তবে তাকে লিগে রাখা হবে এবং এ জন্য তিন মাসের আগাম বেতনও দেয়া হয়েছে। কাল এসব তথ্য জানিয়েছেন ক্লাব সভাপতি মঞ্জুর কাদের। বছর দুই আগে ব্রাদার্স ইউনিয়নের কোচ ছিলেন ওয়াসিম। এরপর আর ফুটবলের সাথে সম্পৃক্ত ছিলেন না। নিজের প্রতি সব সময় উদাসীন ও খেয়ালের বশে চলা একজন মানুষ। দুই মৌসুম পর আবার ক্লাব কোচের দায়িত্ব নিয়ে ফুটবলে ফিরছেন এক সময়ের মাঠ কাঁপানো এই উইংগার। শেখ জামালের সভাপতি মঞ্জুর কাদের ওয়াসিমকে ডেকে নিয়ে দায়িত্ব কাঁধে চাপিয়ে বলেছেন, ‘তুমি ট্রেনিং করাও আমার দলকে।’ গতকাল বিকাল থেকেই ওয়াসিম দল নিয়ে অনুশীলনে নামেন। আজ দুই বেলা অনুশীলন রয়েছে লিগ রানার্সআপ শেখ জামালের। গতকাল বিকালে অনুশীলনের পর ওয়াসিম বললেন ‘সুপার কাপ ফুটবলের জন্য দায়িত্ব নিয়েছি। আমার সাথে অনূর্ধ্ব-১৯ ফুটবল দলের আফ্রিকান কোচ থাকছেন।’ সুপার কাপে ভালো একটা কিছু করার উদ্দেশ্য আছে ওয়াসিমের। তাই তিনি বলেন, ‘আমি চেষ্টা করব আমার মেধাটা কাজে লাগাতে।’ শেখ জামাল ধানমন্ডি ক্লাব সম্প্রতি শেখ রাসেলের হাইতির উইংগার সনি নরদেকে ৭৩ হাজার ডলারে দলে টেনেছে। কারণটা জানা গেল কাল ক্লাব সভাপতির কাছে। এ ব্যাপারে তিনি বলেন,‘নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডেকে নিয়ে আমার কোনো লাভ হয়নি। একজন ভালো মানের খেলায়াড়কে ভালো পারিশ্রমিক দিয়ে নেয়া হলে তার সার্ভিসটাও ভালো পাওয়া যায়।’ জানা গেছে, নাইজেরিয়ান সানডে গেল মৌসুমে ৪০ হাজার ডলার পারিশ্রমিক পেয়েছিলেন।