কনফেডারেশন কাপ ফুটবল
ফোরলানের চোখে স্পেনই ফেভারিট
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:১৯
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকেই আসন্ন কনফেডারেশন্স কাপে ফেভারিট মনে করছেন উরুগুয়ে তারকা ডিয়েগো ফোরলান। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হিসেবে কনফেডারেশন্স কাপে সুযোগ পাওয়া উরুগুয়ে এই টুর্নামেন্টে স্পেনের সাথে একই গ্রুপে খেলবে।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে পরিচিত কনফেডারেশন্স কাপ ১৫ জুন ব্রাজিলে শুরু হবে। স্বাগতিক ব্রাজিলসহ আটটি দেশ অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে। বি গ্রুপে স্পেন, নাইজেরিয়া, তাহিতির সঙ্গে চতুর্থ দল হিসেবে আছে উরুগুয়ে। অপর গ্রুপে ব্রাজিলের সঙ্গে আছে এশিয়ান চ্যাম্পিয়ন জাপান, ইউরো রানার্স-আপ ইতালি এবং কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো।
উরুগুয়ে এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট বলে বিবেচিত হচ্ছে। ২০১০ বিশ্বকাপে চতুর্থ স্থান পাওয়া দক্ষিণ আমেরিকার এ দেশটির সাফল্য এসেছিল ফোরলানের হাত ধরে। বর্তমানে ব্রাজিলের ইন্টারন্যাসিওনালের খেলোয়াড়টি ফেভারিট হিসেবে এক বাক্যে রায় দিলেন স্পেনকেই। তিনি অবশ্য এর পাশাপাশি একটা হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন বিশ্ব এবং ইউরো শিরোপাজয়ী দলটিকে। কারণ, কাগজে-কলমে যত শক্তিশালীই হোক না কেন. শিরোপা জিততে হলে সেই শক্তির প্রমাণ মাঠে দিতে হবে।
স্ট্রাইকারটি ভিটোরিয়ার বিরুদ্ধে ম্যাচ-পূর্ব সাক্ষাত্কারে সাংবাদিকদের বলেন,‘স্পেনই সবচেয়ে বড় ফেভারিট। বর্তমানে জাতীয় দলগুলোর মধ্যে তারাই সেরা। তবে (এটা) তাদেরকে মাঠেও প্রমাণ করতে হবে। কারণ, ফুটবলে যে কোন কিছুই ঘটতে পারে।’
গত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ফোরলান এ বছর দারুণ একটা মৌসুম কাটাচ্ছেন ক্লাবের হয়ে। রিও গ্রান্ডে দো সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া ইন্টারন্যাসিওনালের হয়ে জাতীয় লিগের অভিষেকেও গোলের দেখা পেয়েছেন তিনি।