আকসুর রিপোর্ট পেলে বিসিবির ব্যবস্থা
প্রকাশ : ২৮ মে ২০১৩, ২২:২০
আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) কাছ থেকে স্পট ফিক্সিংয়ের ব্যাপারে বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল মঙ্গলবার রাতে ভারত সফর শেষে ঢাকায় পৌঁছেই তিনি এ কথা বলেন। আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু) বিপিএলের দুটি ম্যাচকে ঘিরে সন্দেহের দৃষ্টিতে এনে ঢাকা গ্ল্যাডিয়েটরসের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করে। তবে এসব জিজ্ঞাসাবাদের পর আকসুর কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পাওয়া যায়নি। বিসিবি সভাপতি আশাবাদী খুব শীঘ্রই তাদের কাছ থেকে রিপোর্ট পাবেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘তিন-চারদিনের মধ্যে আইসিসির কাছ থেকে আমরা রিপোর্ট পাব। এরপর এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারবো।’