বার্সার ‘নেইমার’ উন্মাদনা

নেইমার আসলে বার্সেলোনা আগে থেকেও দুর্বার হয়ে উঠবে কি না সেটা নিয়ে আগে থেকে কিছু বলা যাচ্ছে না! তবে, ব্রাজিলিয়ান তারকার স্প্যানিশ ক্লাবটিতে যোগ দেয়ার ঘোষণা আসার পর একটা দিক থেকে আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেল বার্সা। গত রবিবার নেইমারের আনুষ্ঠানিক বিবৃতি আসার পর বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের আনাগোনা আগের থেকে এক লাফে বেড়ে গেছে প্রায় শতকরা ১৮৪ ভাগ। এখানেই শেষ নয় নেইমারকে নিয়ে যেসব লেখা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তাদের পাঠক ছিল অন্য যে কোন লেখার থেকে প্রায় শতকরা ৫৩০ ভাগ বেশি। শুধু কাতালান দলটির নিজস্ব ওয়েবসাইটেই নয়; নতুন রেকর্ড হয়েছে সামাজিক যোগাযোগভিত্তিক ওয়েবসাইটগুলোতেও। ফেসবুক এবং টুইটারে বার্সেলোনার অফিসিয়াল পেজের পাঠকসংখ্যা ছিল আকাশচুম্বি। ফেসবুকে নেইমারের ব্যাপারে যে পোস্ট দেয়া হয় সেখানে আসে এক লাখ ১৬ হাজার লাইক। পিছিয়ে ছিল না টুইটারও; রবিবারে প্রায় ৭০ হাজার বার নেইমারের নাম উল্লেখ করা হয়েছে। আর বার্সেলোনার অফিসিয়াল পেজগুলোতেও ছিল আগের থেকে প্রায় তিনগুণ আগন্তুক। এদিকে গত সোমবার বার্সেলোনার সাথে পাঁচ বছর মেয়াদী চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করলো ২১ বছর বয়সী নেইমার। সাবেক এই স্যান্তোস ফরোয়ার্ডের পারিশ্রমিকের ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু শোনা যায়নি। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো বলছে, ৫১.৭ থেকে ৬৪.৬ মিলিয়ন ডলারের মতো পারিশ্রমিক পেতে যাচ্ছেন তিনি। নেইমারের এজেন্ট ওয়াগনার রিবেইরো বলেন, ‘নেইমার মেসির থেকে কম বেতন পাবেন, তবে জাতীয় দলের সতীর্থ কাকার প্রায় কাছাকাছি পরিমাণ বেতন পাবেন।’ একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাত্কারে তিনি আরো জানান, নেইমার বার্সেলোনার ইতিহাসে চতুর্থ কিংবা তৃতীয় দামি খেলোয়াড় হতে যাচ্ছেন। আর যাকে নিয়ে এতো আলাপ-আলোচনা সেই নেইমার এখনো ভুগছেন স্নায়ুচাপে। গত মঙ্গলবার ব্রাজিলের রিও ডি জেনিরোতে ক্রীড়াসামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠান নাইকির এক অনুষ্ঠানে নেইমার বলেন, সব মিলিয়ে এখন আমি অনেক বেশি স্নায়ুচাপে ভুগছি। আর সহসাই এ সমস্যা কাটবে না। এটা আমার কাছে একটা স্বপ্ন পূরণের মতো ব্যাপার। মেসি, জাভি, ইনিয়েস্তা, ড্যানি অ্যালভেজদের মতো তারকাদের সাথে খেলতে পেরে আমি সত্যি আনন্দিত।’ এতো কিছুর মধ্যেও নিজের দায়িত্ব ভুলছেন না নেইমার। আসন্ন কনফেডারেশন কাপের পরেই বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে তাকে। আর এরপর নিজের দেশে অনুষ্ঠিত বিশ্বকাপেও দলের মূল ভরসা এ তারকা। এসব মনে রেখেই নেইমার বলেন, ‘আমার উপর এখন অনেক বড় দায়িত্ব। আমার ছেলেবেলার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কেউ বলে না দিলেও আমি বুঝি ব্রাজিলিয়ান জার্সি শরীরে চাপানো মানে কতোটা দায়িত্ব কাঁধে তুলে নেয়া। আর তাই এ জার্সির সম্মান আমাকেই রক্ষা করতে হবে।’