শ্রীনিবাসনের পদত্যাগ চায় ক্রীড়া মন্ত্রণালয়

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধান এন শ্রীনিবাসনের জন্য পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। গতকাল সকালে তারই বোর্ড সদস্য ও আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা একটা বড় ধাক্কা দিয়েছেন শ্রীনিবাসনকে; বলেছেন, সভাপতির এখন ‘দূরে সরে থাকা’ উচিত। তবে দিনের সেরা ধাক্কাটা শ্রীনিবাসনকে দিয়েছে ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়। তারা এক বিবৃতি দিয়ে পরিষ্কার বলেছে, চলমান স্পট ফিক্সিং কাণ্ডের তদন্তে যেহেতু বিসিসিআই সভাপতির ‘স্বার্থ সংঘাত’ তৈরি হয়েছে, তাই অবশ্যই তার পদত্যাগ করা উচিত। এদিকে এই একই ঘটনায় অভিযুক্ত বলে আলোচনায় আসা আম্পায়ার আসাদ রউফ পাকিস্তানে বসে দাবি করেছেন, তিনি পুরোপুরি নির্দোষ। ঘটনার ধারাবাহিকতায় গতকাল দিল্লীতে শ্রীশান্থের এক বন্ধু গ্রেপ্তার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত ১৬ মে শ্রীশান্থদের গ্রেপ্তারের পর শুরু হয় চলতি স্পট ফিক্সিং বিতর্ক। এই বিতর্ককে বিসিসিআইয়ের ওপর চাপে পরিণত করে শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মেইয়াপ্পানের গ্রেপ্তার। গতকাল আদালত তার রিমান্ড আরও বাড়িয়েছে। গুরুনাথ শুরু থেকে শ্রীনিবাসনের মালিকানাধীন চেন্নাই সুপার কিংস দলের অন্যতম মালিক বলে পরিচিত ছিলেন; সে সংক্রান্ত অনেক প্রমাণও আছে সংবাদ মাধ্যমের হাতে। এই মালিকানা প্রমাণিত হলে পরোক্ষ সূত্রে শ্রীনিবাসনেও দায় নিতে হয় এবং তার দলকে আইপিএল থেকে বহিষ্কার করতে হয়। এমন অবস্থায় গুরুনাথের সঙ্গে চেন্নাই দলের সম্পর্ক নির্ধারণে একটি তদন্ত কমিটি করা হয়েছে। যে কমিটিতে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক সঞ্জয় জাগদালে এবং দু’জন সাবেক বিচারপতি আছেন। মুশকিল হল, শ্রীনিবাসন বোর্ডের এক নম্বর পদে থাকা অবস্থায় এই কমিটি স্বাধীনভাবে কাজ করতে পারবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। এসব পরিস্থিতিতেই ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় বলেছে, ‘বিসিসিআই নিজেরা চলতি ম্যাচ ও স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছে। যেহেতু এখানে একটা পরিষ্কার স্বার্থের সংঘাত তৈরি হয়েছে, নৈতিকতার কারণে এবং তদন্তের স্বার্থে বোর্ড সভাপতির পদত্যাগ করা উচিত।’ পুরোপুরি পদত্যাগের কথা না বললেও শ্রীনিবাসনের বিপক্ষে এবার অবস্থান নিলেন রাজীব শুক্লাও। বোর্ডের শীর্ষ কর্মকর্তা অরুণ জেটলি, জে সিন্ধিয়া ও রাজীব শুক্লার সাথে বৈঠকে বসেছিল ক্রীড়া মন্ত্রণালয়। সেই বৈঠকশেষেই শুক্লা বলেছেন, ‘তদন্তের স্বার্থেই শ্রীনিবাসনের উচিত সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা।’ অবশ্য এই কথার সঙ্গে সঙ্গে শ্রীনিবাসন একটা ব্যাখ্যা দিয়েছেন, ‘শুক্লা আমি যা বলেছি, সেটাই বলতে চেয়েছে। আমি তো তদন্ত থেকে দূরেই থাকব। সে সেটাই বলেছে।’ তবে এতো কিছুর মধ্যে একজন অন্তত সমর্থক খুঁজে পেয়েছেন শ্রীনিবাসন। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান রবি সাওয়ান্ত বলছেন, শ্রীনিবাসনের পদত্যাগ না করার সিদ্ধান্তই ঠিক। তিনি অবশ্য পরোক্ষে আইপিএলের গোড়ার আইনেরই সমালোচনা করেছেন। বলছেন, ‘এখন বলা হচ্ছে, শ্রীনিবাসন থাকলে স্বার্থের সংঘাত হবে। এটা বুঝলাম সত্যি। কিন্তু এই আইনটা কেন রাখা হল? কেন একজন বোর্ড সদস্য, সভাপতি একটি দল কেনার সুযোগ পেলেন? এখানেই তো স্বার্থের সংঘাত তৈরি হয়ে গেছে। এখন এ কথা বলে লাভ আছে!’