দরকার হলে টেস্টে ফিরতে প্রস্তুত পন্টিং

সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের জন্য জরুরি দরকার পড়লে আবার টেস্ট ক্রিকেটে ফিরতে প্রস্তুত। বর্তমানে ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার ডিসেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের আগে ১৬৮টি ম্যাচে ৪১টি সেঞ্চুরি হাকানোর পাশাপাশি ৫১.৮৫ গড়ে ১৩,৩৭৮ রান করেন তার প্রজন্মের সেরা এই ব্যাটসম্যান। রিকি পন্টিং সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে বর্তমানে ইংল্যান্ডেই আছেন। তার সাবেক দল অস্ট্রেলিয়াও জুলাইয়ে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ডে অবস্থান করছে। সঙ্গতকারণেই যদি দেশের হয়ে খেলার ডাক পড়ে তাহলে ‘না’ বলা কঠিন হবে বলেই জানিয়েছেন পন্টিং। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক লন্ডনের ডেইলি মেইলকে বলেন,‘দেখুন, সেরকম কিছু হলে তাদের তো রিজার্ভ ব্যাটসম্যান আছে। কাজেই আমার মনে হয় না আমাকে তাদের দরকার পড়বে। তারপরও সেরকম কোন ডাক যদি আসে, আপনি না বলবেন না। বলবেন কি? যদি সেরকম ডাক আসে আমি কখনোই না বলবো না। তবে আপনাকে বলতেই হবে যে বর্তমানে সেরকম ডাক আসার সম্ভাবনা নেই বললেই চলে।’ তিনি আরো বলেন,‘আমি সাজঘরে থাকবো না। তবে নিশ্চিত থাকেন যা ঘটবে তার উপর নজর থাকবে আমার। অস্ট্রেলিয়ার মরদদের কাছ থেকে দূরত্ব রাখার মতো কিছু ঘটবে না। আমার অনেক ভাল বন্ধু আছে দলে এবং আমি তাদের সাথে ঘটনাবলীর প্রেক্ষিতে যোগাযোগ রাখবো।’ পন্টিং বলেন, ‘যদি মাইকেল ক্লার্ক (বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক) আমার কাছ থেকে কিছু পেতে চায় তাহলে সে জানে আমার অবস্থান কোথায়। প্রাতিষ্ঠানিকভাবে আমার কোন অবস্থান নেই। তবে আমি ধারে-কাছেই থাকবো।’ নিজের আগ্রহের কথা জানান দিলেও রিকি পন্টিং জানেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরোয়া সিরিজটি তার ভাল যায়নি। কাজেই সাবেক অজি অধিনায়ক ভাল করেই জানেন কাঙ্ক্ষিত মান থেকে তিনি এখন অনেক দূরে। ইতোমধ্যে সিনিয়র ব্যাটসম্যান মাইক হাসিও অবসর নিয়েছেন। তারপরও পন্টিং মনে করেন তাদের জায়গা ভরাট করার মতো ক্রিকেটার অস্ট্রেলিয়ার আছে। উল্লেখ্য, ১৮৭৭ সাল থেকে দেশ দু’টির মধ্যে অ্যাশেজ সিরিজ নামে এ ক্রিকেটীয় লড়াই চলে আসছে। —এএফপি