নেইমারকে পেলে-রোনালদিনহোর শুভ কামনা
প্রকাশ : ২৯ মে ২০১৩, ২১:৩৯
দু’জনই ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ; একজন তো আবার বার্সেলোনার হয়েও গড়েছেন অনন্য সব কীর্তি। আর বর্তমান প্রজন্মের তারকা নেইমার বার্সেলোনায় যোগ দেয়ার তাকে অভিনন্দন জানাতে দেরি করলেন না পেলে আর রোনালদিনহো।
বার্সেলোনায় সফল ক্যারিয়ার গড়ার শুভ কামনা জানিয়েছেন স্বদেশী অ্যাতলেটিকো মিনেইরোর তারকা খেলোয়াড় রোনালদিনহো। রোনালদিনহো আরো মনে করেন সাবেক সান্তোসের খেলোয়াড় নেইমারের বিশ্বসেরা হওয়ার সকল গুণাবলি রয়েছে। এদিকে ফুটবল কিংবদন্তি পেলে টুইটার একাউন্টে লিখেছেন নেইমারের ইউরোপ অভিজ্ঞতায় লাভবান হবে ব্রাজিলও।
রোনালদিনহো নিজেও ন্যু ক্যাম্পে ক্যারিয়ারের সফল একটি সময় কাটিয়েছেন। সেই সময় রোনালদিনহোকে বিশ্ব সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়েছে। তিনি ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির সাথে ছিলেন। রোনালদিনহো মনে করেন, নেইমারও এমন কৃতিত্ব দেখাতে পারবেন। রোনালদিনহো বলেন, ‘তাকে বার্সেলোনার হয়ে খেলতে দেখাটা অসাধারণ ব্যাপার। বিশ্বের অন্যতম সেরা লিগের সেরা দল বার্সেলোনা। সে সেখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়েও নেবে, কারণ বিশ্বসেরা হওয়ার সকল গুণাবলী তার রয়েছে।’
বর্তমানে ২১ বছর বয়সী নেইমার লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। আগামী মাসেই ব্রাজিলে কনফেডারেশন কাপ টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের আগে বার্সেলোনার সাথে সম্পর্ক গড়তে যাচ্ছেন নেইমার।
নেইমার বার্সেলোনায় যোগদান দেয়ায় শুভ কামনা জানান পেলে। কনফেডারেশন কাপ আগামী মাসেই। আগামী বছর ব্রাজিলের মাটিতেই অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। পেলে ব্যক্তিগত টুইটার একাউন্টে লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসী বার্সেলোনা তাকে চ্যালেঞ্জ নিতে শেখাবে এবং অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেবে। নেইমারের এই ব্যাপারগুলো বিশ্বকাপে ব্রাজিল দলে প্রতিফলিত হবে। বার্সেলোনায় নেইমারের সফলতা কামনা করি।’