কনফেডারেশন কাপের জন্য প্রস্তুত ব্রাজিল
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩২
দুইবারের শিরোপাধারী ব্রাজিল ১৫ জুন শুরু হতে যাওয়া কনফেডারেশন কাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। গত বুধবার রিও ডি জেনিরোতে তাদের অনুশীলন শুরু করে ব্রাজিল দল।
বিশ্বকাপের প্রস্তুতিমূলক এ টুর্নামেন্টটি চলবে ৩০ জুন পর্যন্ত। আটটি দেশ ব্রাজিলজুড়ে ছয়টি ভেন্যুতে কনফেডারেশন কাপের খেলাগুলোয় অংশ নেবে। কোচ লুইজ ফিলিপ স্কলারির দল এই রিও ডি জেনিরোতেই থাকছে। তাছাড়া আগামী রবিবার নতুনভাবে সাজানো মারকানা স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে ব্রাজিল।
এরপর ব্রাজিল দল গোইয়ানিয়ায় চলে যাবে (রাজধানী ব্রাসিলিয়ার কাছে)। ব্রাসিলিয়ায় কনফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে জাপানের মোকাবেলা করবে স্বাগতিক ব্রাজিল। এর আগে দলটি ৯ জুন পোর্তো অ্যালেগরিতে ফ্রান্সের মুখোমুখি হবে।
নেইমার, অস্কার, লুকাস এবং থিয়াগো সিলভায় ভর করে ব্রাজিল টানা তৃতীয় কনফেডারেশন কাপ জয়ে মরিয়া। জিততে পারলে এটি হবে্ কনফেডারেশন কাপে ব্রাজিলের চতুর্থ শিরোপা।
স্কলারি প্রথম অনুশীলনে সব খেলোয়াড়কে পাননি। বায়ার্ন মিউনিখে খেলা দান্তে এবং লুইজ গুস্তাভোকে জাতীয় দলের জন্য ছাড়েনি জার্মান ক্লাবটি। ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনিজ ও অ্যাতলেটিকো মিনেইরোর খেলোয়াড়রা কোপা লিবারটেডোরেস শেষে এ সপ্তাহেই যোগ দেবেন। ব্রাজিল কনফেডারেশন জানায় দান্তে এবং লুইজ গুস্তাভো শনিবারের মধ্যে যোগদান না করলে বাদ পড়তে পারেন।
ব্রাজিলের সহকারী কোচ কার্লোস আলবার্তো পেরেইরা জানান, বায়ার্ন মিউনিখে খেলা খেলোয়াড়দের টুর্নামেন্টটি শুরুর ১৪ দিন আগে দলের সাথে যোগ দিতে হবে। ফিফার আইন এমনই। কিন্তু বায়ার্ন জার্মান কাপের ফাইনালে শনিবারই স্টুটগার্টের মুখোমুখি হবে বলে খেলোয়াড়দ্বয়কে ছাড়তে পারছে না।
এ ব্যাপারে পেরেইরা বলেন, ‘আমরা ইতোমধ্যে ফিফা এবং এই মুহূর্তে দান্তের সাথে কথা বলেছি। দান্তে জানিয়েছে সে আসতে চায়। তারা আসার জন্য ক্লাবকে চাপ দিচ্ছে। কিন্তু খেলোয়াড়দের এখানে থাকতে হবে। ফিফার আইনেও রয়েছে এমনটি।’
যে সকল খেলোয়াড়রা এই মুহূর্তে নেই তারা গতকালই দলের সাথে যোগ দিতে পারেন বলে জানানো হয়। প্রথম দিনের অনুশীলনে অনুপস্থিতরা আজ শুক্রবার যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। এদের মধ্যে আছেন কোপা লিবারটেডোরেস কাপের কোয়ার্টার ফাইনালে খেলা ফ্লুমিনেস গোলরক্ষক দিয়েগো কাভালিয়েরি, ডিফেন্ডার জিন ও স্ট্রাইকার ফ্রেড এবং মিনেইরোর ডিফেন্ডার রেভার ও ফরোয়ার্ড বার্নার্ড।
অপরদিকে ইংল্যান্ডের ম্যাচটির পর নেইমার স্পেনে চলে যাবেন বার্সেলোনার সাথে আনুষ্ঠানিক পরিচিতি পর্বে যোগ দিতে। তিনি মঙ্গলবারের মধ্যেই জাতীয় দলের অনুশীলন শিবিরে ফিরবেন।
চলতি বছরেই এক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ব্রাজিল। দ্বিতীয় দফায় ব্রাজিলের দায়িত্ব পাওয়া স্কলারির সেটাই ছিল প্রথম ম্যাচ।