জুনিয়র অ্যাথলেটিকস রবিবার শুরু
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩৩
জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস আগামী রবিবার ও সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দুইদিনের এ প্রতিযোগিতায় প্রায় ৬০০ অ্যাথলেট অংশ নেবেন। তবে বয়স ভিত্তিক এই আসরে ইলেক্ট্রনিক টাইমিং ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি অ্যাথলেটিক্স ফেডারেশন।
ওয়ালটন টেলিভিশনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা যা থেকে বেরিয়ে আসে আগামীদিনের অ্যাথলেট। এখানে ভালো নৈপুণ্য দেখানো অ্যাথলেটরাই সিনিয়র পর্যায়ে সুযোগ পান। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের তিনতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশন কর্মকর্তারা জানিয়েছেন জাতীয় জুনিয়র অ্যাথলেটিক্সের ২৯তম আসর শেষে ২০ থেকে ৩০ অ্যাথলেটকে বাছাই করে প্রশিক্ষণ দেয়া হবে । পাঁচ লাখ টাকা বাজেটের এই আসরে ওয়ালটন দিচ্ছে তিন লাখ ৫০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ইকবাল বিন আনোয়ার জানিয়েছেন- কেউ রেকর্ড ভাঙ্গলে তাকে স্পন্সর প্রতিষ্ঠান থেকে স্পেশাল গিফট দেয়া হবে। ১৬-১৯ বছর বয়সের বালক বালিকা এবং কিশোর কিশোরীদের মধ্যে একশ’ মিটারে স্বর্ণ জয়ীদের ব্যক্তিগত ভাবে পাঁচ হাজার করে টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন ফেডারেশন সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ফেডারেশন সভাপতি এএসএম আলী কবির।