ক্লাবগুলোর প্রস্তাবিত দরে খেলতে চান না ক্রিকেটাররা

ক্লাবগুলোর বেধে দেয়া প্রস্তাবিত পারিশ্রমিক পছন্দ না হলে পুরানো নিয়মেই প্রিমিয়ার লিগ খেলতে চান ক্রিকেটাররা। ক্লাবগুলো ইতোমধ্যে ছয়টি ক্যাটাগরিতে খেলোয়াড়দের মূল্য বেধে দিলেও তা পছন্দ নয় তাদের। কাজেই ১ জুলাই লিগটি শুরু করা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েই গেছে। গতকাল বৃহস্পতিবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) সাথে বৈঠক শেষে এ কথা জানান ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল। ক্লাবগুলোর বেধে দেয়া প্রস্তাবিত পারিশ্রমিকের ব্যাপারে সিসিডিএম কি সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করবে প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা খেলবেন কিনা। তবে পারিশ্রমিকের অংক না বাড়ালে আগামী সপ্তাহে খেলোয়াড়দের নিয়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে কোয়াব। ক্লাবগুলোর বেধে দেয়া গ্রেডিং বা প্রস্তাবিত দর অনুযায়ী একজন খেলোয়াড় সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন ২০ লাখ টাকা। সর্বনিম্ন পারিশ্রমিক দাঁড়াবে আড়াই লাখ। তবে কোয়াব থেকে জানা গেছে, খেলোয়াড়রা চান সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ লাখ টাকা। আর সর্বনিম্ন পারিশ্রমিক দাবি করছে ১০ লাখ টাকা। কোয়াবের সাধারণ সম্পাদক এ ব্যাপারে বলেন, ‘আমরা তো সবসময় খেলার পক্ষে; কিন্তু ক্লাবগুলো বলছে, খেলোয়াড়রা নাকি বেশি টাকা চাইছে। এটা তো ঠিক নয়। পুরানো নিয়মে খেললে এই ঝামেলাও হয় না।’ বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) সভাপতি আইপিএলের ফাইনাল দেখে ঢাকা এসেছেন গত মঙ্গলবার রাতে। তবে সিসিডিএম কর্মকর্তারা এখনো বোর্ড সভাপতির সাথে প্রস্তাবিত গ্রেডিং পদ্ধতি নিয়ে আলোচনা করতে পারেনি। জানা গেছে, বোর্ড সভাপতিও ক্লাবগুলোর বেধে দেয়া পারিশ্রমিকের ঘোর বিরোধী। তাই সর্বোচ্চ পারিশ্রমিক ২০ লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত উন্নীত হতে পারে বলে আভাস পাওয়া গেছে। সিসিডিএম চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য বলেন, ‘আমরা এ বিষয়ে কোয়াবের সাথে অফিসিয়ালী কোন কথা বলেনি। যাই সিদ্ধান্ত নেয়া হবে সেটা ২/৩ তারিখের আগে নয়। আলোচনার মাধ্যমেই সবকিছু ঠিক করা হবে।’ জানা গেছে, কিছু খেলোয়াড় আগেই কয়েকটি ক্লাবের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে রেখেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এসব ক্লাব ওই খেলোয়াড়দের কাছ থেকে টাকা উদ্ধার করতে পারছে না। সিসিডিএম থেকে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত খেলোয়াড়রাও অপেক্ষা করছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বি এবং সি গ্রেডের খেলোয়াড়রা। নাম প্রকাশে অনিচ্ছুক এক খেলোয়াড় জানালেন, তিনি প্রিমিয়ারের এক ক্লাবের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছেন। ক্লাব তাকে প্রস্তাব করেছিল ১৮ লাখ টাকা। অথচ, গ্রেডিং হলে তার দর হবে ১০ লাখ টাকা। তবে কোয়াব জানিয়েছে ক্লাবগুলোর বেধে দেয়া পারিশ্রমিকের অংক বাড়লে প্রিমিয়ার লিগ খেলতে আপত্তি নেই খেলোয়াড়দের।