চ্যাম্পিয়ন্স ট্রফি

ইংল্যান্ডকে ফেভারিট মনে করছেন গিবসন

আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ডকে ফেভারিট হিসাবে মানছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ ওটিস গিবসন। তার মতে ইংলিশ গ্রীষ্মের প্রথম দিককার কন্ডিশনের সঙ্গে স্বাগতিকরা সুন্দরভাবে মানিয়ে নেয়ায় তাদেরকে হারানোটা কঠিন। ইংল্যান্ডে ৬-২৩ জুন ক্রিকেটের বিশ্ব সংস্থা আইসিসি আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ আসর অনুষ্ঠিত হবে। ক্যারিবীয় কোচ গিবসন বলেন, ‘বছরের এই সময়ে ইংলিশ কন্ডিশনে ইংল্যান্ড হবে সেরা দল।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র শেষ হওয়া টেস্ট সিরিজে স্বাগতিক দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড দারুণ নৈপুণ্য দেখান। গিবসন বলেন,‘আমার দৃষ্টিতে তারাই ফেভারিট। অন্যদের ক্ষেত্রে এটা নির্ভর করবে কোন দল কত তাড়াতাড়ি এ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে। এ কারণে আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া।’ তিনি আরও বলেন, ‘আমি জানি আমার দলের অনেক খেলোয়াড় আছে যারা ইতোপূর্বে ইংল্যান্ডে এমন কন্ডিশনে খেলেছে। তবে বিষয়টা হচ্ছে ৭ জুন মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করা। আমরা এজন্য প্রস্তুত।’ ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ২০০৪ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতেছিল এবং এবারের আসরে ওভালে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ইংলিশ কন্ডিশন অবশ্য গিবসনের কাছে অচেনা নয়। ক্যারিবীয় দলে যোগদানের আগে তিনি ছিলেন ইংল্যান্ডের বোলিং কোচ। তাছাড়া গত বছর প্রায় একই সময়ে তার অধীনে ইংল্যান্ড সফর করেছিল ওয়েস্ট ইন্ডিজ। সে সময়ে ক্যারিবীয়দের একমাত্র জয় ছিল মিডলসেক্সের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচটি। গেল বছরের এই সফরে তারকা খেলোয়াড় মারলন স্যামুয়েলসের একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরি সত্ত্বেও তিন টেস্টের সিরিজ ২-০, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি একই ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। এছাড়া একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও পরাজিত হয়েছিল গিবসনের দল।