নির্দিষ্ট পরিমাণ টেস্ট খেলতে হবে সবার

চার বছরের সময়কালে একটি নির্দিষ্ট সর্বনিম্ন পরিমাণ টেস্ট ম্যাচ না খেললে কোনো দেশ তার টেস্ট স্ট্যাটাস হারাতে পারে। আইসিসি ক্রিকেট কমিটির দু’দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে লর্ড’সে গত বুধবার এ বিবৃতি দেয়া হয়। প্রথমবারের মতো অনিল কুম্বলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে, সুইস হিট/ রিভার্স হিট প্রভৃতি বিতর্কিত শটের বৈধতা দেয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। দর্শক চাহিদা এবং বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে টি-টোয়েন্টি পাঁচ দিনের ম্যাচের চেয়ে হয়তো অনেকটা এগিয়ে আছে। তাই টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচলন শুরু হওয়ার পর থেকেই দেখা যাচ্ছে, প্রায় সবগুলো বোর্ডই সংক্ষিপ্ত করে ফেলছে তাদের টেস্ট সূচি। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অনেক ক্রিকেটারই মনোযোগী হচ্ছেন বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলতে। টি-টোয়েন্টি ক্যারিয়ারকে দীর্ঘায়িত করতে টেস্ট থেকে তারকাদের অকাল অবসরের প্রবণতাও বাড়ছে। নবীনতম সংস্করণটির দাপটে প্রাচীনতম সংস্করণটি টিকে থাকতে পারবে কিনা সেই আশঙ্কা অমূলক নয় মোটেও। আইসিসি অবশ্য বরাবরই বলে এসেছে টেস্ট ক্রিকেট থাকছে। এবার তাদের ক্রিকেট কমিটির সভায় দেখা গেল সেই কথারই প্রতিফলন। বেশ কয়েকটি দেশের টেস্ট সূচিকে উদ্বেগজনক উল্লেখ করে কমিটি তাদের বিবৃতিতে বলে,‘তিনটি সংস্করণের মধ্যে ভারসাম্য রাখার ব্যাপারে আইসিসি ক্রিকেট কমিটির সমর্থন আছে। একই সঙ্গে তারা তিনটি বিভাগের মধ্যেই পরিষ্কার ব্যবধান এনে দিতে চায়। তবে এক্ষেত্রে বিশেষভাবে মনে রাখতে হবে, টেস্ট ক্রিকেটকে অবশ্যই রক্ষা করতে হবে।’ এ বছর ইংল্যান্ডে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাণিজ্যিক চুক্তির জটিলতায় সেটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এছাড়া শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ তাদের মধ্যকার দুটি টেস্ট সিরিজের পরিবর্তে ভারতকে সাথে নিয়ে একটি ওয়ানডে সিরিজ খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এই উদাহরণ টেনে বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, ‘চলতি বছরের দিকে তাকালে দেখা যায়, অন্য সংস্করণগুলোকে জায়গা করে দিতে টেস্ট ম্যাচগুলোকে স্থগিত রাখা হয়েছে। কমিটি সুপারিশ করছে, সবগুলো টেস্ট খেলুড়ে দেশকে চার বছরের মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ টেস্ট ম্যাচ আয়োজন করতে হবে। অন্যথায় তাদের টেস্ট স্ট্যাটাস থাকবে না।’ তবে আইসিসি ক্রিকেট কমিটির ক্ষমতা কেবল সুপারিশ দেয়া পর্যন্ত সীমাবদ্ধ। এখন আইসিসির প্রধান নির্বাহীর কমিটি শেষ পর্যন্ত এই সুপারিশের কতটুকু কাজে লাগায় সেটাই দেখার বিষয়।