আইসিসির পর্যবেক্ষক দল ঢাকায় আসছে ৯ জুন

আইসিসির ভেন্যু পর্যবেক্ষক হিসেবে ঢাকায় আসছেন দক্ষিণ আফ্রিকান ইঞ্জিনিয়ার ইউজিন ভ্যান ভুরেন। আগামী ৯ জুন চারদিনের সফরে তিনি ঢাকায় আসবেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতি কতটুকু হয়েছে তা পর্যবেক্ষণের জন্য তিনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটে যাবেন। গত ২৪ এপ্রিল আইসিসির পর্যবেক্ষক দল বাংলাদেশ সফর করে গেলেও সেবার তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে অসন্তুষ্ট প্রকাশ করে গিয়েছিলেন। কাজের অগ্রগতি জানানোর জন্য পনেরো দিনের সময়ও বেঁধে দিয়েছিলেন তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানা গেছে, গত ৫ মে কক্সবাজার ও সিলেট স্টেডিয়ামের কাজের কিছু অগ্রগতির রিপোর্ট আইসিসির কাছে পাঠানো হয়েছিল। এই কারণে ফের ভেন্যু পর্যবেক্ষণে আইসিসির পর্যবেক্ষক আসছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে আইসিসির পর্যবেক্ষক দল চূড়ান্ত পরিদর্শনে ঢাকায় আসবেন আগামী অক্টোবরে। উল্লেখ্য, ইউজিন ভ্যান ভুরেন ১৩ জুন ঢাকা ছাড়বেন।