ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে খেলাটা হবে সম্মানের: নেইমার
প্রকাশ : ৩০ মে ২০১৩, ২১:৩৫
মাত্রই বার্সেলোনার সাথে চুক্তি করা নেইমার বলেছেন, মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হওয়াটা তার নিজের জন্য খুবই সম্মানের বিষয় হবে। বার্সেলোনার সাথে পরিচয় পর্ব শেষ করার উদ্দেশ্যে আগামী সোমবার স্পেন যাওয়ার আগে এই ব্রাজিলিয়ান সুপারস্টার গতকাল সাংবাদিকদের একথা বলেন। ‘ক্রিশ্চিয়ানো রোনালদো দুর্দান্ত একজন খেলোয়াড়। সে দারুন কৌশলী এবং তার মুখোমুখি হওয়াটা হবে দারুন সম্মানের। তবে সে লড়াইয়ে জিতবো বলেই আমি আশাবাদী’, বলেছেন নেইমার। আর রিয়াল মাদ্রিদের পরিবর্তে বার্সেলোনাকে বেছে নেয়ার কারণ হিসেবে তিনি বলেন,‘আমি স্রষ্টার কাছে জ্ঞানের জন্য প্রার্থনা করেছি, যাতে সঠিক পথটা আমি খুঁজে নিতে পারি। তাই বার্সেলোনাকেই আমি বেছে নিয়েছি। এটা ছিল এমন একটা সিদ্ধান্ত যা একেবারে আমার ভেতর থেকে উঠে এসেছে।’ এদিকে আগামী সোমবার নেইমার স্পেন যাবেন এবং সেদিনই তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়ার আগে কাতালান ক্লাবটিতে রুটিন মাফিক ডাক্তারি পরীক্ষা হবে তার। স্পেন যাওয়ার আগেই অবশ্য আগামি রবিবার মারাকানা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবেন নেইমার।