বায়ার্নের সামনে ইতিহাস
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২০:৫৩
চ্যাম্পিয়ন্স লিগ জয়ী বায়ার্ন মিউনিখ আজ শনিবার বার্লিনে জার্মান কাপের ফাইনালে স্টুটগার্টকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে চাইবে। জার্মানির কোন দল এখন পর্যন্ত এক মৌসুমে ‘ট্রেবল’ বা তিন শিরোপা জিততে পারেনি। কাজেই চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্দেশলিগার শিরোপা জেতার পর এ ফাইনালটির প্রাক্কালে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বায়ার্ন। ব্যাভারিয়ান ক্লাবটি এদিন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক দান্তেকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। তবে বায়ার্ন এ খেলার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কাছে দান্তেকে ছাড় দিতে অনুরোধ করেছে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার লুইজ গুস্তাভোও জাতীয় দলের হয়ে খেলার জন্য চলে যাবেন। সিবিএফ উভয় খেলোয়াড়কেই গতকাল শনিবারের মধ্যে ব্রাজিলে অনুশীলন ক্যাম্পে যোগদানের সময়সীমা বেঁধে দেয়।
আগামী মাসের ১৫ জুন ব্রাজিলের মাটিতে কনফেডারেশন কাপ শুরু হবে। ফিফার নিয়ম অনুযায়ী কোন খেলোয়াড়কে আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরুর কমপক্ষে ১৪ দিন আগে জাতীয় দলের সাথে যোগ দিতে হয়।
উভয় খেলোয়াড়ই ফাইনাল খেলতে না পারার কারণে হতাশ হয়েছেন। বায়ার্নের চেয়ারম্যান কার্ল-হেইঞ্জ রুমেনিগে কড়া ভাষায় বিষয়টিকে অমানবিক, নির্মম, অন্যায্য এবং অগ্রহণযোগ্য বলে মত দেন। তবে দান্তে হয়তো বার্লিনে খেলতে পারেন।
কোন জার্মান দল এর আগে ট্রেবল জয় করতে পারেনি (ইউরোপিয়ান কাপ, ঘরোয়া লিগ এবং কাপ শিরোপা)। ইউরোপে বায়ার্ন মাত্র সপ্তম দল হিসেবে এই কৃতিত্ব এবং ইতিহাস গড়ার সামনে দাঁড়িয়ে। এই দলগুলো হলো-সেল্টিক (১৯৬৭), আয়াক্স (১৯৭২), পিএসভি আইন্দহোভেন (১৯৮৮), ম্যানচেস্টার ইউনাইটেড (১৯৯৯), বার্সেলোনা (২০০৯) এবং ইন্টার মিলান (২০১০)।
বায়ার্ন ইতিহাসের পাতায় নাম লেখাতে পারলে এ দলটির জন্য তা হবে যথার্থ সম্মাননা। কারণ দলটি এই মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জিতেছে ২৫টি রেকর্ড গড়ে কিংবা কোন কোনটির সমকক্ষতা পেয়ে। গত এপ্রিলের শুরুতেই লিগ শিরোপা নিশ্চিত করে রাখে বায়ার্ন। এরপর তারা গত শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একই লিগের দল বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে দেয়। বায়ার্নের সহঅধিনায়ক বাস্তিয়েন শোয়েনস্টেইগার জানিয়েছেন, শিরোপা জয়ের চক্রটি পূর্ণ করা ‘খুবই, খুবই গুরুত্বপূর্ণ’। তিনি বলেন, ‘পুরো দল কাপ জয় করতে মরিয়া হয়ে রয়েছে। অবশ্যই ওয়েম্বলিতে জেতাটা ছিল বিশেষ কিছু। তবে দিনের পর দিন বার্লিনের ব্যাপারেও মনোযোগ বৃদ্ধি পেয়েছে।’
বায়ার্ন যদি আজ তাদের ইতিহাসে ১৬তম জার্মান কাপ জেতে সেক্ষেত্রে অলিভার কানের ছয়টি কাপ জয়ের রেকর্ডের সমকক্ষ হবেন শোয়েনস্টেইগার।
এদিকে বেলজিয়ামের সেন্টার ব্যাক ড্যানিয়েল ভ্যান বুইটেন দান্তের বদলে দলে আসতে পারেন। তার সাথে দেখা যেতে পারে জেরোম বোয়েটাংকে। ফ্রান্সের উইঙ্গার ফ্রাঙ্ক রিবেরি নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরতে পারেন। গত বছরের ডিসেম্বরে (জার্মান কাপ) শেষ ষোলোয় অগসবুর্গকে ২-০ গোলে হারানো ম্যাচে লাল কার্ড পেয়েছিলেন তিনি।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ছয় বছরের মধ্যে এটি হবে ফরাসি খেলোয়াড়টির চতুর্থ ফাইনাল। আশা করা হচ্ছে এ ফাইনালে ৭৪ হাজার সমর্থক উপস্থিত থাকতে পারেন। ৩০ বছর বয়সী রিবেরি বলেন, ‘আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের ট্রেবল জয়ের সুযোগটি নিতে হবে।’
স্টুটগার্ট বুন্দেসলিগায় ১২তম হয়ে মৌসুম শেষ করেছে। ২০০৭ সালে তারা লিগ জয় করেছিল। এরপর শিরোপা খরায় রয়েছে তারা। স্টুটগার্ট সর্বশেষ জার্মান কাপ জয় করেছিল ১৯৯৭ সালে। অন্যদিকে বায়ার্ন গত বছর জার্মান কাপের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ৫-২ গোলে হেরে গিয়েছিল।
বায়ার্ন মিউনিখের কোচ হিসেবে হেইঙ্কসের শেষ মিশন আজ। ৬৮ বছর বয়স্ক কোচের বিদায়টা মধুর করতে চাইবে বায়ার্নের খেলোয়াড়রা। দুটি মৌসুম তিনি বায়ার্নের সাথে ছিলেন। বার্সেলোনার সাবেক কোচ পেপ গার্দিওলা পরবর্তী মৌসুম থেকে বায়ার্নের দায়িত্ব নিচ্ছেন।