আবিদালকে বিদায় জানাবে আজ বার্সেলোনা

স্পানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা আজ শনিবার নাউ ক্যাম্পে মালাগার বিরুদ্ধে শেষ লিগ ম্যাচের মধ্য দিয়ে ডিফেন্ডার এরিক আবিদালকে আবেগঘন বিদায় জানাবে। অপরদিকে স্পানিশ লিগে শেষ ম্যাচ কাটাবেন দুই কোচ হোসে মরিনহো এবং ম্যানুয়েল পেলেগ্রিনি। ফরাসি এই খেলোয়াড় ২০০৭ সালে লিয় থেকে বার্সেলোনায় যোগ দেন। স্বাস্থ্যগত কারণে ৩৩ বছর বয়সী এই ফরাসির সাম্প্রতিক বছরগুলো ভাল কাটেনি। একটা সময়ে মনে হয়েছিল তার ক্যারিয়ারই বুঝি শেষ প্রায়। ২০১১ সালের মার্চে তার লিভারে টিউমার ধরা পড়ে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার ফেলে দিয়ে আবার মাঠে ফিরে সেই বছরেই চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেষ্টার ইউনাইটেডের বিরুদ্ধে বার্সেলোনার ৩-১ গোলের জয়ে পুরো সময়েই খেলেন। গত বছরের মার্চে জানা গেল আবিদালের লিভার প্রতিস্থাপন করতে হবে। এপ্রিলে লিভার প্রতিস্থাপন করে লড়াকু এই ফুটবলার এ বছরের এপ্রিলে আবারো মাঠে নামেন। কিন্তু এ দফায় বার্সেলোনা জানিয়েছে তারা আবিদালকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না। গত বৃহস্পতিবার বিষয়টি জানাতে ডাকা সংবাদ সম্মেলনটিও ছিল আবেগঘন। এমনকি তাতে উপস্থিত ছিলেন বার্সেলোনা সভাপতিও। সব মিলিয়ে বোঝা যায় এই আবেগের প্রকাশ দেখা যাবে মালাগার বিরুদ্ধে খেলাটিতেও। যদিও আগেই লা লিগার শিরোপা নিশ্চিত করে রাখার পর এখন জাদুকরী ১০০ পয়েন্টে পৌঁছাতে হলে টিটো ভিলানোভার দলকে এ খেলায় জিততেই হবে। অপরদিকে মালাগাও আগামি মৌসুমে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জনের জন্য নাউ ক্যাম্পে জেতার চেষ্টা চালাবে। মালাগা বর্তমানে ষষ্ঠ অবস্থানে থাকলেও ইউরোপা লিগের জন্য এটা ধরে রাখতে হবে । কিন্তু তাদের চাইতে দুই পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল বেটিসও এদিন নিজেদের শেষ খেলায় লেভান্তের মুখোমুখি হবে। এরপরও দলটিকে অপেক্ষায় থাকতে হবে। কেননা ঠিক মতো বেতন ভাতাদি ও কর না দেয়ার কারণে মহাদেশীয় প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে বিদ্যমান নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে আবেদন করেছে মালাগা। আন্দালুশিয়ার এ ক্লাবটির জন্য বার্সেলোনার মোকাবেলায় আবেগঘন ব্যাপার থাকবে। কেননা তাদের বর্তমান কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি মৌসুম শেষে দৃশ্যতই ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন। কোন চুক্তি না হলেও ইতোমধ্যে আরব ধনকুবেরদের ক্লাবটিতে যোগদানের ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছেন তিনি। বার্সেলোনা আবারো হ্যামস্ট্রিং ইনজুরির মধ্যে থাকা লিওনেল মেসিকে ছাড়াই খেলবে। সেক্ষেত্রে ডেভিড ভিয়া ও অ্যালেক্সি সানচেজকেই আক্রমনভাগে নামানো হতে পারে। নেইমারের আগমনের আগে খেলোয়াড়দ্বয়ই অস্বস্তির মধ্যে আছেন। কারণ দুজনের কোন একজনকে ব্রাজিল সুপারস্টার নেইমারের কারণে বেঞ্চে বসতে হতে পারে। এদিকে হোসে মরিনহোর স্পানিশ অধ্যায়ের সমাপ্তি ঘটছে আজ। সান্তিয়াগো বার্নাবুতে স্বাগতিক রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের ১৬তম স্থানে থাকা ওসাসুনার। চলতি মৌসুম শেষেই পর্তুগীজ কোচ মরিনহো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন এই ঘোষণাটি আগেই এসেছে। চিরপ্রতিদ্বন্দ্বি বার্সেলোনার কাছে লিগ শিরোপা হারানোয় রিয়াল মাদ্রিদ আজ অন্তত লিগের শেষ ম্যাচে ভাল করতে চাইবে।