কোর্টে ফোন ব্যবহার করায় জরিমানা

স্মার্ট ফোন ব্যবহার করে কোর্টে বলের দাগের ছবি তোলার ঘটনায় গত বৃহস্পতিবার সার্জেই স্টাখোভস্কি নামের একজন ইউক্রেনিয়ান খেলোয়াড়কে ২০০০ ডলার জরিমানা করেছে রোলা গ্যারো কর্তৃপক্ষ। এদিকে এই ঘটনাকে ইঙ্গিত করে এটিপি খেলোয়াড় কাউন্সিলের সভাপতি রজার ফেদেরার বলেছেন, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে আরো বড় শাস্তি হতে পারে। ঘটনাটি ছিল গত সোমবারের। প্রথম রাউন্ডের ম্যাচে স্টাখোভস্কি মুখোমুখি হয়েছিলেন স্বাগতিক দেশের রিচার্ড গ্যাসকুয়েটের। ম্যাচের এক পর্যায়ে গ্যাসকুয়েটের একটি শট বেস লাইনের কাছাকাছি পড়ে। এর পরপরই র্যাকেট পাশে রেখে ব্যাগ থেকে নিজের স্মার্ট ফোন করে বলটা যে জায়গায় পড়েছিল তার একটা ছবি তোলেন স্টাখোভস্কি। শেষ পর্যন্ত ম্যাচও হারতে হয় তাকে। ম্যাচের পরে স্টাখোভস্কি নিজেই অবশ্য স্বীকার করেন, তার আচরণ মোটেই খেলোয়াড়সুলভ ছিল না। ইউএসএ টুডেকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘এটা করা নিয়মসিদ্ধ নয়, আমার জরিমানা হওয়া উচিত। যদিও আমি সচেতনভাবে নিয়ম ভঙ্গ করিনি। তবে বলতেই হবে, আমি একটু বেশীই করে ফেলেছি। এটা ছিল নিছক কৌতুক, কিছুটা উদ্ভটও বটে।’ তবে দোষ স্বীকার করে পার পাননি ২৭ বছর বয়সী এই খেলোয়াড়। তার আচরণকে অখেলোয়াড়সুলভ আখ্যায়িত করে গত বৃহস্পতিবার টুর্নামেন্ট কমিটি ২০০০ ডলার জরিমানা করে তাকে। গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে আচরণবিধি ভঙ্গ করার দায়ে অভিযুক্ত অন্য খেলোয়াড়দের সাথে তার নাম তালিকাভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছে তারা। তবে এই ঘটনার শাস্তি আরো বড় হতে পারতো বলেই মনে করছেন ফেদেরার। আর ভবিষ্যতে একই অপরাধে হয়তো বড় ধরনের শাস্তিই পেতে হবে খেলোয়াড়দের। খেলোয়াড়দের সতর্ক করে তিনি বলেন, ‘এটা আগেও ঘটেছে। আর ভবিষ্যতে আরো ঘটবে। আমি অবাক হব না, যদি এই ঘটনার কারণে তারা আরেক দফা নিয়ম পরিবর্তন করে। আপনি যদি এটা করেন, (ভবিষ্যতে) জরিমানার মাত্রা আরো বেশী হবে।’ তুচ্ছ এই ঘটনা থেকেই কিভাবে বড় অপরাধ সংঘটিত হতে পারে তার ব্যাখ্যাও দিয়েছেন এটিপির খেলোয়াড় প্রতিনিধি। সুইস সুপারস্টার বলেন,‘আমার মনে হয় এটা খুবই মজার। তবে আশঙ্কার কথা হচ্ছে, মোবাইল ডিভাইসের মাধ্যমে (খেলার মধ্যেই) কোচিং চলতে পারে। এটা খুবই সহজ। আমরা শুধু আশা করতে পারি, খেলোয়াড়রা এটা শুধুই কৌতুকের খাতিরেই ব্যবহার করবে। অন্য কোন কারণে নয়।’