নীরবতা
ভাঙলেন
শচিন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩১
ক্রিকেট সমর্থক থেকে শুরু করে গণমাধ্যমগুলো বেশ কদিন যাবত্ই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) স্পট ফিক্সিং নিয়ে বেশ সরগরম। আর এই বিতর্কে এতোদিন এক অর্থে মুখে কুলুপ এটে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। তবে, দেরিতে হলেও এক এক করে মুখ খুলতে শুরু করেছেন তারা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কথা বলার দুদিন বাদেই মুখ খুললেন ব্যাটিং শচিন টেডুলকার। জানালেন স্পট ফিক্সিং বিতর্কে নিজের বিস্ময় আর হতাশার কথা।
এবারের আইপিএলে মুম্বাইকে শিরোপা এনে দিয়ে বিদায় জানানো টেডুলকার বলেন, ‘গত দুই সপ্তাহে যা ঘটেছে তা এককথায় বিম্ময়কর ও হতাশাজনক। ক্রিকেট নিয়ে অসাধু কিছু ঘটলে সেটা সব সময়ই আমাকে কষ্ট দেয়।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেটার হিসেবে আমাদের সব সময় শেখানো হয় কিভাবে মাঠে গিয়ে লড়াই করতে হয়; কিভাবে নিজেদের সর্বোচ্চ ভাল খেলার চেষ্টা করতে হয়। এই বিপদের সময়ে তাই আমার থেকে শুরু করে দেশের সবগুলো প্রদেশে যারা বিভিন্ন দলের হয়ে খেলছে তারা মিলিতভাবে অবশ্যই চাইবো এই বিতর্কের শেষ দেখতে।’
ভারতীয় দর্শকদের কাছে ক্রিকেট অনেকটাই প্রার্থনার মতো। আর শচিনও গুরুত্ব দিলেন সমর্থকদের এই ভালবাসাকেই, ‘কোটি কোটি ভক্ত-সমর্থকদের ভালবাসাকে তুচ্ছ জ্ঞান করার সুযোগ এখানে নেই। সবাইকে একটা কথা মনে রাখতে হবে যে, ক্রিকেট আমাদের জন্য আনন্দ আর গৌরবের উত্স।’
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও রাজনীতি আর ক্রিকেটকে আলাদা রাখার ব্যাপারে জোর দিলেন, ‘তদন্ত চলাকালে এসব নিয়ে বেশি কথা না বলাই ভাল। আশা করি, খেলাধুলাকে কখনোই রাজনীতির সাথে মিশিয়ে ফেলা হবে না।’
আরেক সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ জানালেন আইপিএলের স্পট ফিক্সিং এখন অনেকটাই “যন্ত্রণা”র কারণ হয়ে দাঁড়িয়েছে, ‘এটা খুবই হতাশার ব্যাপার। গত দুই সপ্তাহ ধরে মানসিক যন্ত্রণার এক বিষয় হয়ে দাঁড়িয়েছে এই আইপিএল। আশা করি দিল্লী, মুম্বাই ও চেন্নাইয়ের পুলিশের তদন্তে পরিষ্কার একটা দিকের আভাস পাবো আমরা। আর এর থেকেও গুরুত্বপূর্ণ হল ভবিষ্যতে এ জাতীয় বিতর্কে আমরা যেন না জড়াই সেদিকে করা নজরদারি রাখতে হবে।
লক্ষণ ক্রিকেটারদের সততার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, ‘খেলোয়াড়দের অবশ্যই সততার পথ ধরতে হবে। আর কয়েকটা অসত্ খেলোয়াড়দের জন্য যেন বাকিদের ঝামেলা পোহাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর যতো দ্রুত সম্ভব এই সমস্যা দূর করতে হবে।
এদিকে গত বৃহস্পতিবার অধিনায়ক ধোনি জানান, স্পট ফিক্সিংয়ের ফলে আইপিএলের ভাবমূর্তি “নষ্ট” হয়েছে। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডের বার্মিংহামে অবস্থান করছে ভারতীয় ক্রিকেট দল। এই অবস্থায় দলের মধ্যে শৃংখলা ধরে রাখতে আর কিছু বলতে রাজি হননি ধোনি।