সম্মান ফেরানোর জন্য
লড়বেন সুজন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩১
মুলতানে তার কান্না দেখে কেঁদেছিল সারা দেশ। একই সঙ্গে সেই কান্না পুরা বাংলাদেশকে গর্বিত করেছিল—এই আমাদের অধিনায়ক, যিনি দেশের পরাজয়ে কাঁদতে পারেন। কী বিস্ময়কর ঘটনা! আজ দেশের মানুষের প্রশ্নের মুখে পড়ে গেছেন সেই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।
ম্যাচ ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে বিদ্ধ আজ শুধু সুজন নন; অভিযোগের কাঠগড়ায় আজ আরো দুই কিংবদন্তী খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক। আগেই অভিযুক্ত হওয়া মোহাম্মদ আশরাফুলের প্রসঙ্গে নাম এসে গেছে বাংলাদেশের তিন যোদ্ধা ক্রিকেটারের।
অভিযোগটা পত্রিকার পাতায় দেখার পর থেকে যেন বাকরুদ্ধ হয়ে গেছেন সুজন। মুলতান তাকে কাঁদিয়েছিল, এদিন কাঁদতেও যেন ভুলে গেলেন। শুধু ধরা গলায় বললেন, ‘এতোগুলো বছর ধরে কী করলাম! এতো বছর ক্রিকেট খেললাম, জাতীয় দলের অধিনায়ক ছিলাম; কখনো আমার নাম আলোচনায় আসেনি। আজ কোথা থেকে শোনা এক রিপোর্টে আমার সারা ক্যারিয়ারকে অর্থহীন করে দেয়ার চেষ্টা করা হল!’
মাহমুদ অবশ্য এমন অসহায় আত্মসমর্পণ করতে রাজি নন। তিনি পরিষ্কার করে তার নামে ওঠা অভিযোগ অস্বীকার করলেন। সেই সঙ্গে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন, পুরো ব্যাপারটা নিয়ে তদন্ত করতে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তি মাথা পেতে মেনে নেবেন। তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘অভিযোগ প্রমাণ না হলে আমি আমার সম্মান উদ্ধারে যা দরকার, তাই করব। প্রয়োজনে আইনের আশ্রয় নেব।’
এই অভিযোগ ওঠা মোহাম্মদ রফিক ও খালেদ মাসুদকে ফোনে পাওয়া গেল না। তারা অন্যত্র এ অভিযোগ অস্বীকার করেছেন বলেই জানা গেছে। সুজন অস্বীকারটা করলেন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, ‘আমি কোনোকালেই কোনো জুয়াড়ির সঙ্গে কাউকে পরিচিত করিনি। কারণ, আমার সঙ্গেই কোনো জুয়াড়ির পরিচয় নেই।’
তিনি ভালো করেই জানেন, তার এই অস্বীকার যথেষ্ঠ নয়। তাই বিসিবিকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন, ‘আমি বিসিবিকে অনুরোধ করছি, বিপিএলের ম্যাচ ফিক্সিং এবং অন্যান্য ফিক্সিং নিয়ে দ্রুত তদন্ত করার। তদন্ত করার পর আসল ঘটনা বেরিয়ে আসবে। আমি চাই আমার বিপক্ষে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সেটা দূর হোক। যদি তদন্তে আমার দোষ প্রমাণিত হয়, তাহলে আমি শাস্তি মাথা পেতে নেব।’
সুজন নিশ্চিত যে, তিনি নির্দোষ বলেই রায় পাবেন। আর সেই রায়ের পরই ঠিক করবেন এই সম্মানহানির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন, ‘আমি এখনই আইনের আশ্রয় নিতে চাইছি না। আগে তদন্ত হোক। তারপর আমার কাজ আমি করবো। আমার এতো বছরে কিছু হলেও সুনাম ছিল, আজ পর্যন্ত কেউ আমার দিকে আঙুল তুলতে পারেনি। জীবনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। ফলে আমি এই দুর্নাম মেনে নিতে পারি না।’